মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া
শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে বিরোধী নেতাদের জেলে পুরছে আর রেহাই দিচ্ছে ‘আবুলদের’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার দাগি আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করে জেলে পুরছে। অপর দিকে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও মামলা থেকে রেহাই দিয়েছে ‘আবুলদের’।গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশে খালেদা জিয়া এই অভিযোগ করেন।বিএনপির চেয়ারপারসন পদ্মা সেতুর দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে আসামি না করায় সরকারের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘পদ্মা সেতু হলো না কেন? মামলায় দুই আবুল বাদ গেল কেন? পদ্মা সেতু শুরুর আগেই বিদেশে ঘুষ নিয়ে দেশের সম্মান নষ্ট করেছেন। বিশ্বব্যাংক বারবার বলল দুর্নীতির সঙ্গে জড়িতদের ধরার জন্য। তাদের নামে মামলা-মোকদ্দমা হলে বিশ্বব্যাংক টাকা দিতেও রাজি ছিল। কিন্তু আজ পর্যন্ত দুর্নীতিবাজ চোরদের ধরা হয়নি। দুই আবুল বাদ গেল।... আবুলদের ধরতে চান না। কারণ কান টানলে মাথা আসবে।’বিএনপির চেয়ারপরসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে বলেন, ‘এসবের দিকে সরকারের দৃষ্টি নেই। তারা ব্যস্ত কমিশন আর লুটপাটের দিকে। এই সরকারের আশপাশে, ডানে-বাঁয়ে সবাই চোর। সরকারের উপদেষ্টা চোর, মন্ত্রী চোর, এমপি চোর। সরকার নিজেই এবং তাঁর আত্মীয়স্বজন চোর। এই চোরদের দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।’ তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, দেশ স্বাধীন করে বসে থাকলে চলবে না, এখন দেশ রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার মুক্তিযোদ্ধা অংশ নেন। প্রায় আধা ঘণ্টা বক্তৃতা করেন খালেদা জিয়া। বিকেল সোয়া তিনটার দিকে মঞ্চে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সালাম দেন। তিনি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো, তাঁদের জন্য একটি হাসপাতাল নির্মাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশের আহ্বায়ক শাহজাহান ওমরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, সাদেক হোসেন, এলডিপির অলি আহমদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ, সাদেক আহমেদ খান, নুরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) আইনুদ্দীন, কর্নেল (অব.) জয়নাল আবেদীন প্রমুখ।