শীর্ষ ১৮ জনের ১০ জনই বিন্দুবাসিনী বিদ্যালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সারা দেশে শীর্ষ দশে স্থান করে নেওয়া ১৮ জনের ১০ জনই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। এত ভালো ফলে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই আনন্দে উদ্বেলিত। বিদ্যালয় সূত্র জানায়, এবার ১২৬ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১০ জন সারা দেশে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে একজন ছাড়া সবাই প্রথম বিভাগ পেয়েছে। শীর্ষ দশে স্থান করে নেওয়া শিক্ষার্থীরা হলো—সপ্তম (তিনজন) নুসরাত আফরিন, সেঁজুতি চন্দ ও সানজিদা আফরিন। এরা সবাই ৫৯১ নম্বর পেয়েছে। অষ্টম স্থান লাভ করেছে প্রজ্ঞা পারমিতা (প্রাপ্ত নম্বর ৫৯০)। ৫৮৯ পেয়ে তিনজন নবম স্থান অধিকার করেছে, এরা হচ্ছে—অতশী সাহা, ফারজানা সাইদ ও নিশা কর্মকার। ৫৮৮ নম্বর পেয়ে দশম স্থান লাভকারী তিনজন হচ্ছে—জান্নাতুল তাজরিন, রিফাত জাহান ও জান্নাতুল ফেরদৌস। গতকাল বুধবার স্কুলে গিয়ে কথা হয় শীর্ষ দশে স্থান করে নেওয়া কয়েকজনের সঙ্গে। অষ্টম স্থান অধিকারী প্রজ্ঞা পারমিতা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। অন্য সবাই হতে চায় চিকিৎসক। নুসরাত আফরিন বলে, ‘খুব ভালো লাগছে। আমরা এ ফল ধরে রাখতে চাই।’ ফারজানা সাইদ বলে, ‘আমাদের শিক্ষকেরা বিশেষ যত্ন নিতেন বলেই এ ফল অর্জন সম্ভব হয়েছে।’ দশম স্থান অধিকারী জান্নাতুল তাজরিন বলে, ‘শিক্ষকদের পাশাপাশি আমাদের অভিভাবকেরা আমাদের লেখাপড়ার দেখাশোনা করতেন।’ ১৮৮২ সালে শহরের আকুরটাকুর এলাকায় সন্তোষের জমিদার রানি বিন্দুবাসিনী চৌধুরানীর নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে এটি জাতীয়করণ করা হয়। স্কুলের এই ভালো ফলের জন্য প্রধান শিক্ষক মো. আফসার আলী শিক্ষকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতার কথা জানালেন। তিনি জানান, ভালো ফলের লক্ষ্য নিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকেই ক্লাসের বাইরে বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করা হয়। সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হতো।