এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নীলফামারীর সৈয়দপুরের চারটি প্রতিষ্ঠান রয়েছে।বোর্ডে চতুর্থ হয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, নবম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৪তম লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ১৭তম স্থানে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে জানানো হয়, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে ১৭২ জন পরীক্ষায় অংশ নেন। ওই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের। এর মধ্যে ১০৭ জন জিপিএ-৫ পেয়েছেন। এ প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৫৬ জন। এ প্রতিষ্ঠান থেকে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে ২৭ জন, মানবিকে সাতজন ও ব্যবসায় শিক্ষায় ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অকৃতকার্য হয়েছেন সাতজন। জিপিএ-৫ পেয়েছেন ৮৫ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬৮ জন, মানবিকে ছয়জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১১ জন জিপিএ-৫ পান। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেন। অকৃতকার্য হন ১২ জন। এ প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে আটজন, মানবিকে তিনজন এবং ব্যবসায় শিক্ষায় নয়জন রয়েছেন।