শীর্ষ ৮০ করখেলাপি প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা তৈরি
নিয়মিত গৃহকর না দেওয়া শীর্ষ ৮০ প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তাদের কাছে পাওনা প্রায় পাঁচ কোটি টাকা। গত এপ্রিলে এ তালিকা তৈরি করা হয়। আয়ের প্রধান এ খাতে প্রত্যাশিত কর আদায় না হওয়ায় অর্থসংকটে পড়েছে করপোরেশন। এ অবস্থায় করপোরেশন করখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
করপোরেশন সূত্র জানায়, গৃহকর খাতে করপোরেশনের প্রায় ৩০০ কোটি টাকা বকেয়া থাকলেও গত এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে ৭৪ কোটি টাকা, যা মোট পাওনার সাড়ে ২৪ শতাংশ। বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাওনা ১০৭ কোটি টাকার মধ্যে পরিশোধ হয়েছে সাড়ে ৩২ কোটি টাকা। সরকাির প্রতিষ্ঠানগুলো বকেয়া ১৯৩ কোটি টাকার মধ্যে সাড়ে ৪১ কোটি টাকা দিয়েছে।
জানতে চাইলে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, একাধিকবার নোটিশ দেওয়া হলেও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান গৃহকর দিচ্ছে না। তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে প্রয়োজনে সম্পত্তি ক্রোক করার কথা ভাবা হচ্ছে।
করপোরেশনের আওতায় হোল্ডিং রয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৯১টি। রাজস্ব শাখা সূত্র জানিয়েছে, এসব হোল্ডিং থেকে নিয়মিত কর পাওয়া গেলে করপোরেশনের অর্থসংকট থাকার কথা নয়।
করখেলাপি বড় ৮০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকায় রয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। প্রায় ৩০ বছর ধরে ওই সমিতি গৃহকর দিচ্ছে না। সমিতির কাছে বকেয়া প্রায় ৬১ লাখ টাকা। সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। আমাকে কেউ বিষয়টি অবহিত করেননি।’ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে পাওনা ১০ লাখ টাকা। সোসাইটির সভাপতি শেখ শফিউল আজম প্রথম আলোকে বলেন, রেড ক্রিসেন্ট সেবাধর্মী প্রতিষ্ঠান হওয়ায় গৃহকর দেয় না।
মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, গৃহকর খাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে করপোরেশনের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে। তারা নিয়মিত কর পরিশোধ না করায় নগরের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, এ তালিকার বাইরে চার সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা রয়েছে ৮৬ কোটি টাকা। এর মধ্যে রেলওয়ে ৬৬ কোটি টাকা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাড়ে ১০ কোটি টাকা, চট্টগ্রাম স্টিল মিল আট কোটি টাকা এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পৌনে দুই কোটি টাকা দিচ্ছে না দীর্ঘদিন ধরে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সদ্য বিদায়ী প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুব উল আলম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘গৃহকর বাবদ কী পরিমাণ বকেয়া আছে, তা ঠিক এ মুহূর্তে বলতে পারছি না। তবে আমরা নিয়মিত গৃহকর পরিশোধ করছি।’
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘করপোরেশনের আইন ও চউকের অধ্যাদেশে গৃহকর নিয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা রয়েছে। তাই উভয় সংস্থাকে বসে এর সমাধান করতে হবে।’
করপোরেশনের তালিকা অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হকের মালিকানাধীন মেসার্স চয়েজ গার্মেন্টস, চয়েজ ওয়াশিং লিমিটেড এবং মেসার্স মদিনাতুন নুর ইন্ডাস্ট্রিজের কাছে মোট পাওনা রয়েছে সাড়ে ২৮ লাখ টাকা। একটি বাদে অন্য দুটি প্রতিষ্ঠান প্রায় ১০-১৫ বছর ধরে কর দিচ্ছে না।
সেলিম অ্যান্ড ব্রাদার্সের মালিকানাধীন তিনটি শিল্পপ্রতিষ্ঠান থেকে পাবে ৪৭ লাখ টাকা। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান ১৯৯৬-৯৭ অর্থবছর পর থেকে গৃহকর দিচ্ছে না। ওহিদুল ইসলাম ও আনোয়ারুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স মারমাইড লিমিটেডের কাছে ১৯৮৮-৮৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাওনা ১৩ লাখ ৭১ হাজার ২৯১ টাকা। নগরের কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত জিহাদ রহমান ও পারভেজ উদ্দিনের মালিকানাধীন মেসার্স পারফিউমের কাছ থেকে করপোরেশনের পাওনা রয়েছে ১০ লাখ ৪০ হাজার ৭৪ টাকা। ২০০১-০২ অর্থবছরের পর প্রতিষ্ঠানটি গৃহকর দেয়নি।
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত আবদুস সাত্তারের মালিকানাধীন শেখ ফরিদ মার্কেটের কাছে গৃহকর বাবদ পাওনা রয়েছে আট লাখ ৩৯ হাজার ৮০০ টাকা, রিয়াজউদ্দিন বাজারের জনতা মার্কেটের মালিক আমিনুল হক মিয়ার কাছে বকেয়া রয়েছে সাত লাখ ১১ হাজার ৮৭৫ টাকা। উত্তর আগ্রাবাদের আলতাফ হোসেনের কাছে ২০ বছরে পাওনা রয়েছে ১০ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে নগরের আসকারদীঘি এলাকায় অবস্থিত রীমা কমিউনিটি সেন্টার পাঁচ লাখ টাকা দিচ্ছে না ১৫ বছর ধরে। সদরঘাটের আজিম কমিউনিটি সেন্টার সাড়ে তিন লাখ টাকা দিচ্ছে না ২০০৪-০৫ অর্থবছর থেকে। কাজীর দেউড়ি এলাকার ঝুমুর সিনেমা হল সাড়ে ছয় লাখ টাকা পরিশোধ করছে না ১৪ বছর ধরে।
নগরের বান্ডেল রোডে অবস্থিত মারকো টিম্বার কমপ্লেক্সের মালিক আহাম্মদ রশিদ চৌধুরীর কাছে পাওনা রয়েছে এক লাখ ৪৯ হাজার ৬৪ টাকা। কাজীর দেউড়ির অ্যাপোলো শপিং সেন্টারের কাছে বকেয়া ২৩ লাখ ৪৩ হাজার ৯৪৫ টাকা। আন্দরকিল্লার জি এ ভবনের কাছে পাওনা ছয় লাখ সাত হাজার ৮৫৬ টাকা।