শীর্ষস্থানীয় কর্তাদের অধিকাংশই বিদেশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ঘুরছেন অভিজ্ঞতা অর্জনের জন্য, কেউ যন্ত্রপাতি পরিদর্শনের জন্য, কেউবা প্রশিক্ষণ নিতে বন্দর ছেড়ে অবস্থান করছেন বিদেশে। এভাবে একসঙ্গে বন্দরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকেই এখন বিদেশে অবস্থান করছেন। এ কারণে বন্দরে প্রশাসনিক কার্যক্রমেও ব্যাঘাত তৈরি হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ বন্দর বোর্ডের সদস্যসংখ্যা পাঁচ। এই পাঁচজনের মধ্যে তিনজনই এখন দেশের বাইরে। এর পরে বন্দরের পরিচালক পদে আছেন চারজন। এই চারজনের দুজনই এখন বিদেশ ঘুরছেন। এর পরের কয়েক স্তরের সাতজন কর্মকর্তাও এখন বিদেশ সফর করছেন। জানতে চাইলে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, অনেক কর্মকর্তা বিদেশে গেলেও বন্দরের কাজে ব্যাঘাত ঘটছে না। তবে নীতিনির্ধারণী পর্ষদের সদস্যসংখ্যা কম থাকায় বোর্ডের সভা হচ্ছে না। অন্যান্য সভা ও জরুরি কাজগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, নৌমন্ত্রীর সঙ্গে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বিদেশের বন্দর পরিদর্শনে গেছেন। এই দলে আছেন বন্দরের পরিচালক পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোয়াজ্জেম হোসেনও। ছয় সদস্যের এই প্রতিনিধিদল নেদারল্যান্ডের রটারড্যাম, জার্মানির হামবুর্গ, ইতালির ভেনিস ও নেপৌলি এবং ফ্রান্সের ক্যালিওস বন্দর পরিদর্শন করছেন। আগামী ২৩ জুন তাঁরা দেশে ফিরবেন। বন্দর বোর্ডের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি দল যন্ত্রপাতি পরিদর্শনে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে গেছে। সেখানে তারা ২০ টন ক্ষমতার তিনটি মোবাইল ক্রেন পরিদর্শন করবেন। অপর সদস্য (অর্থ) আবদুল হান্নান শেখও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত প্রশিক্ষণকাজের অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে বোর্ডের সদস্য মো. নজরুল ইসলাম চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের নীতিনির্ধারণী পর্ষদের কর্মকর্তা ছাড়াও পরিচালক (প্রশাসন) মহিবুল হক চীন থেকে রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন পরিদর্শনে গেছেন। এই দলে আছেন ছয়জন কর্মকর্তা। এর মধ্যে একজন মন্ত্রণালয়ের এবং বাকি পাঁচজন বন্দরের কর্মকর্তা। গত শনিবার তাঁরা দেশ ত্যাগ করেন। বন্দর সূত্রে জানা গেছে, অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ সফরের ব্যয়ভার বহন করছে বন্দর। তবে যন্ত্রপাতি পরিদর্শন খাতে বিদেশ সফরের ব্যয়ভার ঠিকাদার বহন করছেন।