শীর্ষেন্দুর স্বপ্নের সেতু বাস্তবায়নের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আলোচিত পটুয়াখালীর স্কুলশিক্ষার্থী শীর্ষেন্দুর স্বপ্নের সেতু বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সেতু বিভাগ ইতিমধ্যে সেতুর স্থান সমীক্ষা সম্পন্ন করেছে। সেতু বিভাগের সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সমীক্ষার স্থান পরিদর্শন করবে।
সড়ক বিভাগ, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, পায়রা নদীর ওপর সেতু নির্মাণের স্থান সমীক্ষা সম্পন্ন হয়েছে। পরিদর্শনের জন্য একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল আজ সরেজমিন আসছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতেও অনুরূপ কথা বলা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ইবনে আলম হাসান স্বাক্ষরিত চিঠিতে প্রস্তাবিত সেতুর বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে সেতুটি হবে দুই লেনের। দৈর্ঘ্য মূল সেতু ১৩৭৫ মিটার (বক্স গার্ডার)। প্রস্থ ফুটপাতসহ ১০ দশমিক ৭৬ মিটার। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স (নির্বিঘ্নে নৌচলাচলের জন্য প্রয়োজনীয় উচ্চতা) ১৮ দশমিক ৩০ মিটার এবং হরাইজন্টাল ক্লিয়ারেন্স (দুই স্প্যানের মধ্যবর্তী স্থান) ৯০ মিটার।
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসদের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছয়আনি গ্রামে। গ্রামের বাড়ি থেকে পটুয়াখালী শহরে আসতে মির্জাগঞ্জে পায়রা নদী পার হতে হয়। এ নদীতে প্রচণ্ড ঢেউ থাকে। তাই ওই নদীতে সেতু নির্মাণের অনুরোধ করে শীর্ষেন্দু গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লেখে। শীর্ষেন্দুকে অবাক করে দিয়ে সেতুর আশ্বাসসহ প্রধানমন্ত্রীর জবাব তার স্কুলে পৌঁছে ২০ সেপ্টেম্বর।