শীলা কী করে মাকে জানাবেন এই দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ভাইকে হারিয়ে বোন শীলা দত্ত এখন পাগলপ্রায়। তাঁকে কী বলে সান্ত্বনা দেবেন স্বজনেরা। গতকাল সকাল ১০টায় রাঙামাটি শহরের ভেদভেদীর পোস্ট অফিস কলোনি থেকে তোলা ছবি l প্রথম আলো
দুই ভাইকে হারিয়ে বোন শীলা দত্ত এখন পাগলপ্রায়। তাঁকে কী বলে সান্ত্বনা দেবেন স্বজনেরা। গতকাল সকাল ১০টায় রাঙামাটি শহরের ভেদভেদীর পোস্ট অফিস কলোনি থেকে তোলা ছবি l প্রথম আলো

সকাল থেকেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা পাহাড়চাপা পড়া লোকজনকে উদ্ধারের জন্য মাটি খুঁড়ছিলেন। সেখানে দাঁড়িয়েছিলেন শীলা দত্ত। তাঁর চোখে-মুখে শঙ্কা। ঘণ্টাখানেক পর ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এল একটা হাত। দেখেই কান্নায় ভেঙে পড়লেন ওই নারী। এরপর তাঁর আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ধীরে ধীরে মাটি থেকে বেরিয়ে এল তাঁর আদরের ছোট ভাই রূপন দত্তের (২২) নিথর দেহ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটির ভেদভেদীর পোস্ট অফিস কলোনি থেকে রূপনের লাশ উদ্ধার হয়। এই কলোনিতে টিনের ঘরে বাবা-মা ও বড় ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। গত মঙ্গলবারের পাহাড়ধসে চাপা পড়েন তাঁরা সবাই। সেদিনই সন্ধ্যায় ধ্বংসস্তূপ থেকে রূপনের বড়ভাই সুমন দত্তের (২৮) মরদেহ উদ্ধার করে দাহ করা হয়। আহত অবস্থায় উদ্ধার হওয়া রূপনের বাবা ও মা ভর্তি রাঙামাটি সদর হাসপাতালে। বাবা বাদল দত্তকে বড় ছেলের মৃত্যু সংবাদ জানানো হলেও মা বুলু দত্ত তখনো জানেন না তাঁর দুই ছেলে এখন না ফেরার দেশে।

দুই ভাই, দুই বোনের মধ্যে সবার বড় শীলা দত্ত। বিয়ে হয়েছে রাঙামাটিতেই। অপর বোন শিপ্রা দত্তের বাড়িও রাঙামাটিতে। বাবার বাড়ি ধসে যাওয়ার খবর শুনে মঙ্গলবারই শ্বশুর বাড়ি থেকে ছুটে আসেন শীলা। রূপনের মরদেহ উদ্ধারের পর বিলাপ করে তিনি বলেন, ‘আমরা কেন বেঁচে থাকলাম। আমার দুই ভাইয়ের বদলে আমাকে নিয়ে যেত। আমাদের যে আর কিছুই রইল না।’

দুই ভাইয়ের কেউই বেঁচে নেই—এই মর্মান্তিক সত্যটুকু মেনে নিতে পারছিলেন না শীলা। দুর্ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে থাকেন তিনি, ‘অ ভাই কিল্লাই দৌড় দিই বাইর ন অইলি। আঁই এহন কারে লই থাইক্কুম? আঁর বাপ-মারে কনে চাইব?’

হাসপাতালে চিকিৎসাধীন রূপনের মাকে সান্ত্বনা দেওয়া হয়েছে ছেলেরা আহত হয়েছে বলে। হাসপাতালের বিছানায় শুয়ে সারাক্ষণ ছেলেদের খুঁজছেন তিনি। বলছেন, ‘আমার ছেলেদের আমার পাশে এনে দাও। তাঁরাও আমার পাশে শুয়ে চিকিৎসা নিক।’

সে কথা বলতে বলতে জানতে চান শীলা, দুই সহোদরকে কী করে মায়ের কাছে এনে দেবেন তিনি? কী করেই বা মাকে জানাবেন এই দুঃসংবাদ? শীলার এক ভাই সুমন বাবার সঙ্গে চায়ের দোকান চালাতেন। আর রূপন চালাতেন ভাড়ায় গাড়ি। দুজনের আয়ে সংসার চলত। এখন কী হবে জানেন না শীলা।

নিসর্গ শোভিত রাঙামাটি এখন এক শোকার্ত শহরের নাম। কোথাও ভাই হারিয়েছেন বোন, বাবা-মা তাঁদের সন্তান আর কোথাও এক পরিবারের সবাই হারিয়ে গেছে চিরতরে। পথে পথে পড়ে আছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। এমন দৃশ্য আগে দেখেনি এখানকার লোকজন। গত সোম ও মঙ্গলবারের পাহাড়ধসে রাঙামাটিসহ চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ৪ জন সদস্যসহ রাঙামাটিতে ১০৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল রাত আটটা পর্যন্ত।

শহরের ঘরবাড়ি হারানো অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নগরের আঞ্চলিক পাসপোর্ট কেন্দ্রে আশ্রয় নেওয়া আয়েশা বেগম নামে এক নারী বলেন, ‘আমার ঘরবাড়ি সব তলিয়ে গেছে। কেবল ছেলেমেয়েদের নিয়ে বের হয়ে এসেছি। জানি না আমাদের এই দুঃখের দিন কবে শেষ হবে।’