শুঁটকি তৈরিতে ৩০ হাজার শিশু!
কক্সবাজার সমুদ্র উপকূলে শুঁটকি তৈরির কাজ করছে অন্তত ৩০ হাজার শিশু। অসহায় এসব শিশু অস্বাস্থ্যকর পরিবেশে বয়স্ক ব্যক্তিদের মতো শ্রম দিলেও বেতন পাচ্ছে অর্ধেক। কতিপয় প্রভাবশালী ব্যক্তি কম মজুরিতে শিশুদের নিয়োগ দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন।গত নভেম্বর মাস থেকে জেলার টেকনাফ, উখিয়া, সদর কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার আড়াই শতাধিক গ্রামে কাঁচা মাছ রোদে শুকিয়ে শুঁটকি তৈরি হচ্ছে। শুঁটকি তৈরি, বেচাবিক্রি ও পরিবহনে জড়িত রয়েছে প্রায় তিন লাখ মানুষ। এর মধ্যে অন্তত ৩০ হাজার শিশু শুঁটকি তৈরির কাজ করে সংসার চালাচ্ছে।সম্প্রতি মহেশখালীর শুঁটকি গ্রাম খ্যাত সোনাদিয়ার মগচর ঘুরে দেখা গেছে, সেখানকার অর্ধশতাধিক শুঁটকিমহালে অসংখ্য শিশু কাজ করছে।জসিম উদ্দিনের মালিকানাধীন একটি মহালের শ্রমিক জাহাঙ্গীর আলম (১৪) জানায়, শীতের ভোর সকালে উঠে তাকে কাঁচা মাছ লোনা পানিতে ধুতে হয়। তারপর ওই মাছ বাঁশের মাচায় সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতে হয়। দিনের বিভিন্ন সময়ে ওই মাছ রোদে এদিক-ওদিক করে দিতে হয়। তারপর বিকেলে সূর্যাস্ত হলে শুঁটকি মাছ তুলে বস্তায় ভরতে হয়। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে মজুরি দেওয়া হয় মাত্র ১২০ টাকা। অথচ একজন বয়স্ক শ্রমিক সমান কাজ করে মজুরি পাচ্ছেন ২৮০ থেকে ৩০০ টাকা।শুঁটকিমহালের মালিক নবাব মিয়া বলেন, ছেলেমেয়েরা ভালোভাবে কাজ সামলাতে পারে না, তাই মজুরি কম পরিশোধ করা হয়। এই মগচরে কয়েক হাজার শ্রমিক শুঁটকি তৈরি করছে। এর মধ্যে অন্তত দেড় হাজার শিশু।কক্সবাজার পৌরসভার নাজিরারটেক, ফদনারডেইল এলাকার কাউন্সিলর আকতার কামাল বলেন, এই সমুদ্র উপকূলের ১০টির বেশি গ্রামে ৬০ হাজারের বেশি মানুষ শুঁটকি উৎপাদনে জড়িত। এর মধ্যে শিশুর সংখ্যা অন্তত ১৫ হাজার। কম টাকায় বেশি কাজ করানো যায় বলে ব্যবসায়ীরা শিশুদের খাটাচ্ছেন। অনেকে শিশুদের দিয়ে শুঁটকি বিক্রি করাচ্ছেন।কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার বিভিন্ন স্থানে ১৫ বছরের কম বয়সী অন্তত ৩০ হাজার শিশু লেখাপড়া বাদ দিয়ে শুঁটকিমহালে কাজ করে সংসার চালাচ্ছে। শ্রমকাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধ হলেও করার কিছু নেই। কারণ, পেটের দায়ে শিশুরা মাঠে নেমেছে।