শুঁটকি নিয়ে সংকট

শ্রমিক-সংকট, সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমেও নাটোরের চলনবিলের শুঁটকি মাছ উৎপাদনকারী ব্যক্তি এবং এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন। সরবরাহের তুলনায় ক্রেতা কম হওয়ায় মাছের দামও পড়ে গেছে।
নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়ার শেরকোল এলাকায় প্রবেশ করলেই চোখে পড়ে চলনবিলের বিস্তীর্ণ জলরাশি। ডিসেম্বরের শুরু থেকে বিলের পানি কমতে থাকায় ঘরে ঘরে বিলের নানা জাতের মাছের শুঁটকি তৈরির কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র মৎস্যজীবী ও ব্যবসায়ীরা বাণিজ্যিকভাবে এসব শুঁটকি তৈরি করছেন। গত বুধবার দুপুরে মহাসড়ক হয়ে সিংড়া পৌর এলাকায় ঢুকতেই হাতের বাঁ পাশের (নেংগুইন) বিশাল এলাকা জুড়ে মাছ শুকাতে দেখা গেল। পুঁটি, টেংরা, কাঁটা ফাতাসি, বোয়াল, শোল, আইকোর, চেলা, টাকি ও চাঁদা মাছ সারি সারি বাঁশের বাতার চালায় বিছিয়ে রাখা হয়েছে। চালার পাশে বস্তায় বস্তায় ভরা শুঁটকি মাছ।
কিন্তু এসব শুঁটকি প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত থাকা কারও মুখে হাসি নেই। কারণ হিসেবে শুঁটকি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘পানি কমার সঙ্গে সঙ্গে চলনবিলে এখন ধানের চারা রোপণের ব্যস্ততা শুরু হয়ে গেছে। এ কারণে আমরা শ্রমিক পাচ্ছি না। সকালে গাদা গাদা কাঁচা মাছ কিনছি। কিন্তু শ্রমিকের অভাবে তা বাছাই ও শুকানোর জন্য মেলে দিতে পারছি না। অনেক মাছ পচে যাচ্ছে। দুর্গন্ধ এড়াতে পচা মাছ মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে।’
রংপুর থেকে শুঁটকি কিনতে আসা ব্যবসায়ী সন্তোষ কুমার বাগচী বলেন, তাঁর মতো অনেক ব্যবসায়ী এখন চলনবিলে শুঁটকি কিনতে এসেছেন। কিন্তু ভালোভাবে মাছ শুকানো না হওয়ায় তাঁরা কিনতে পারছেন না।
সিংড়া মৎস্য আড়তের মালিক মোকাদ্দেছ আলী বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে চলনবিলে ডোবা-নালা সেচে মাছ মারার ধুম পড়েছে। তাই বাজারে মাছের সরবরাহ অনেক বেশি। ২০০ টাকা কেজির পুঁটি এখন ৫০ টাকাতেও পাওয়া যাচ্ছে। কিন্তু মাছের খরিদ্দার পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, চলনবিলে এখন প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বাজারে আসছে। কিন্তু তা স্থানীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা নেই। আবার শুঁটকি করে রাখার সংরক্ষণাগারও (হিমাগার) নেই। ঘরে ফেলে রাখা শুঁটকির গুণগত মান নষ্ট হচ্ছে। পরে এগুলোর আর ভালো দাম পাওয়া যাবে না। চলনবিলে তাঁর মতো পাঁচ শতাধিক শুঁটকি ব্যবসায়ী আছেন বলে জানান তিনি। তাঁদেরও একই অবস্থা।
সিংড়ার কলম গ্রামের মনি হালদার বলেন, ‘এ সময় আমাদের মারা পুঁটি, খলসে ও টাকি মাছের অধিকাংশই শুঁটকির জন্য বেচি। কিন্তু শুঁটকি তৈরি করা ওয়ালারা মাছ কিনছেন না। তাই পানির দরে মাছ বেচছি।’
নাটোর জেলার মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এ অঞ্চলে শুঁটকি সংরক্ষণে কোনো হিমাগার নেই। শুঁটকি প্রক্রিয়াজাতের আধুনিক কোনো ব্যবস্থাও নেই। কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করে শুধু লবণ মিশিয়ে রোদে শুকিয়ে শুঁটকি প্রস্তুত করা হয়। তাই এসব শুঁটকি বেশি দিন ঘরে ফেলে রাখা যায় না। তাই এ অঞ্চলের শুঁটকি শিল্প বাঁচাতে হলে হিমাগার নির্মাণের পাশাপাশি শুঁটকি প্রক্রিয়াজাতকরণের আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে। কিন্তু সরকারের এ ধরনের হিমাগার নির্মাণের কোনো প্রকল্প নেই। তাই বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা দরকার এ শিল্পকে বাঁচাতে।