শুঁটকিতে বিষ প্রয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রক্রিয়াজাতকরণের সময় শুঁটকিতে প্রকাশ্যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব শুঁটকি দেদার বিক্রি হচ্ছে পাইকারি বাজারে।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রবাল চক্রবর্ত্তী বলেন, কীটনাশকযুক্ত শুঁটকি খেলে ডায়রিয়া, জন্ডিসসহ পেটের নানা পীড়া হয়। এতে যকৃৎ ও কিডনি নষ্ট হয়ে যেতে পারে। নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া নারী-পুরুষ উভয়েই প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। গর্ভবতী নারী বিষযুক্ত শুঁটকি খেলে তাঁর সন্তান শারীরিক ও মানসিক প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, মইজ্যারটেক, কালারপোল, ডাঙ্গারচর ও ফেরিঘাট এলাকার প্রায় সব কটি আড়তে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এখানকার মাচা ও চাঙে ছুরি, হাঙ্গর, হামিলা, চিংড়ি, পাইশ্যাসহ বিভিন্ন ধরনের কাঁচা মাছ এনে শুঁটকি করা হচ্ছে। এ শুঁটকিগুলো চট্টগ্রামের চাক্তাই এলাকার শুঁটকি মার্কেটে পাইকারি সরবরাহ করা হয়।সম্প্রতি একটি আড়তে গিয়ে দেখা যায়, হ্যাঙ্গার ও মাচায় শুকাতে দেওয়া কাঁচা মাছের গায়ে সাদা সাদা দানা। কাঁচা বা পচা মাছের স্বাভাবিক গন্ধও তাতে নেই। আশপাশে নেই কোনো মশা-মাছি। পরে জানা গেল, মাছের গায়ের সাদা দানাগুলো হলো কীটনাশক। চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের পটিয়া মইজ্যারটেক এলাকায় (নতুন ব্রিজ-সংলগ্ন) শুঁটকির আড়তে গত শনিবার সকালে গিয়ে দেখা গেছে, একটি স্থানে মালিক ও শ্রমিকেরা বসে মাছ কেটে সাদা দানাদার পদার্থ মেশাচ্ছেন। এ সময় একটি ঝুপড়ি ঘরে সমিক্রন ও মটার নামের কীটনাশকের খালি বোতল দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, শুঁটকিতে যাতে পোকা না ধরে এবং রং যাতে কালচে না হয় সে জন্য তাঁরা কীটনাশক ব্যবহার করেন।অভিযোগ উঠেছে, নিষিদ্ধ নগজ, ডিডিটি পাউডার ছাড়াও বাসুডিন, ফরমালিন, ডায়াজিননসহ নানা কীটনাশক শুঁটকিতে ব্যবহার করা হচ্ছে।একটি আড়তের মালিক শেয়ার আলী (৪০) এ প্রতিবেদককে বলেন, ‘এখন আমরা শুঁটকিতে শুধু সমিক্রন ব্যবহার করি।’উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাটিতে দীর্ঘদিন বিষক্রিয়া থাকে বলে নগজ ও ডিডিটি নিষিদ্ধ করা হয়েছে। রান্নার আগে ধুয়ে ফেললে বিষাক্ত গুঁড়া পানির সঙ্গে চলে যায়। আগুনের তাপে শুঁটকিতে থাকা বিষের বিক্রিয়াক্ষমতা আরও কিছুটা কমে। তার পরও শুঁটকিতে বিষাক্ত পদার্থ থেকে যায়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন জানান, শুঁটকিতে কীটনাশক ব্যবহার করার কথা তিনিও শুনেছেন। শিগগিরই ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালাবেন।