শুঁটকিপল্লি সরগরম, মেশানো হচ্ছে বিষ!
কক্সবাজারের টেকনাফে শুঁটকি তৈরির ধুম পড়েছে। পর্যটন মৌসুম চলায় বর্তমানে এর চাহিদা আরও বেড়েছে। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশেও রয়েছে এখনকার শুঁটকির যথেষ্ট চাহিদা। এই সুযোগে শুঁটকিতে পোকামাকরের আক্রমণ রোধ ও আকর্ষণীয় দেখাতে মেশানো হচ্ছে বিষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকনাফে এখন পুরোদমে চলছে শুঁটকি উৎপাদনের প্রক্রিয়া। উপজেলার সাবরাং নয়াপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, বাজারপাড়া, টেকনাফ সদরের জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, নাইট্যংপাড়া, লম্বরী, রাজারছড়া, কচ্ছপিয়াসহ সেন্টমার্টিনের বহু জায়গায় চলছে পুরোদমে শুঁটকি তৈরির কাজ। প্রতিবছরই শীতের শুরু থেকে রোদে মাছ শুকানোর কাজ শুরু হয়। চলে জুন পর্যন্ত। শুঁটকি ব্যবসায়ীদের সূত্র জানায়, মাছের মধ্যে লাক্কা, চাপা, কোরাল, ছুরি, রূপচান্দা, লইট্যা, চিংড়ি, মাইট্যা, ফাইস্যা, পোপা, সুন্দরী, বাটা, হাঙরসহ ১০০ প্রজাতির মাছের শুঁটকি হয়। বর্তমানে টেকনাফে প্রতি কেজি রূপচান্দা ১০০০-২০০০, মাইট্যা ৮০০-১১০০, কোরাল ১০০০-১৪০০, পোপা ৪০০-১০০০, চিংড়ি ১০০০-১৫০০, লইট্যা ৪৫০-৭০০, ছুরি ৫৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিদেশে শুঁটকি রপ্তানি করে বছরে প্রায় ২০০ কোটি টাকা আয় হয়।জালিয়াপাড়ার শুঁটকি ব্যবসায়ী ছৈয়দ হোসেন (৬২) জানান, প্রতি সপ্তাহে এখান থেকে গড়ে ১০০-১৫০ মণ শুঁটকি চট্টগ্রামের খাতুনগঞ্জে যায়। এখান থেকে শুঁটকি হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হয়। হংকংয়ের মানুষের কাছে এই পোপা ও হাঙর শুঁটকির স্যুপ খুব প্রিয়।শুঁটকিপল্লিগুলো ঘুরে দেখা গেছে, শুকাতে দেওয়া কাঁচা মাছের গায়ে সাদা সাদা দানা। কাঁচা বা পচা মাছের স্বাভাবিক গন্ধও তাতে নেই। আশপাশে নেই মশা-মাছি। খোঁজ নিয়ে জানা গেল, মাছের গায়ের সাদা দানাগুলো হলো কীটনাশক।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, শুঁটকিতে যাতে পোকা না ধরে এবং রং যাতে কালচে না হয়, সে জন্য কীটনাশক দেওয়া হয়। এ জন্য ব্যবহার করা হয় নিষিদ্ধ নগজ, ডিডিটি পাউডার ছাড়াও বাসুডিন, ফরমালিন, ডায়াজিনসহ নানা ধরনের বিষ ও কীটনাশক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী জানান, বিষ ও কীটনাশক দেওয়া শুঁটকি খেলে ডায়রিয়া, জন্ডিসসহ পেটের নানা পীড়া হতে পারে। নষ্ট হয়ে যেতে পারে যকৃৎ ও কিডনি। ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে। এ ছাড়া নারী-পুরুষ উভয়েই প্রজননক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। গর্ভবতী মায়েরা বিষযুক্ত শুঁটকি খেলে সন্তান শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে।উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া এ ধরনের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। আলামত সংগ্রহ করে পাবলিক হেলথ অব ইনস্টিটিউটে (আইটিএইচ) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরীক্ষায় কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, বহির্বিশ্বে এখানকার শুঁটকির প্রচুর চাহিদা। কিন্তু দেশের বাইরে থাকায় এত দিন এতে বিষ মেশানোর বিষয়টি তাঁর জানা ছিল না। তবে সেনিটারি ইন্সপেক্টর ও ভ্রাম্যমাণ আদালত এর বিরুদ্ধে অভিযান চালালে পুলিশের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।জেলা প্রশাসক জয়নুল বারী জানান, শুঁটকিতে বিষ ও কীটনাশক ব্যবহার রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে এরই মধ্যে বিষমুক্ত ও পরিবেশবান্ধবভাবে শুঁটকি তৈরির একটি প্রকল্পও সরকারের কাছে পাঠানো হয়েছে।