শুঁড়ে তুলে বৃদ্ধকে আছড়ে মারল হাতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকায় আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলায়মান (৭০) আজ ফজরের আজানের পর মসজিদে নামাজ আদায় করতে যান। ওই সময় একটি হাতির সামনে পড়েন তিনি। হাতিটি শুঁড় দিয়ে তাঁকে তুলে আছাড় মারলে তাঁর মৃত্যু হয়।

নিহত সোলায়মানের জামাতা এরশাদ আলী বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে হাতির আক্রমণে নিহত হন আমার শ্বশুর।’

স্থানীয় বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বলেন, ‘হাতির আক্রমণে আমাদের জানমালের ক্ষতি হচ্ছে, আমরা অনেকটা অসহায় হয়ে পড়েছি।’

এর আগে গত রোববার রাতে বটতলী ইউনিয়নের হাজীগাঁও এলাকার জামাল সওদাগরের বাড়ির মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ দিদার ও পারগ্যা পুকুর পাড়ের নুরুল আলম এবং শনিবার রাতে একই ইউনিয়নের কালা গাজীর পাড়ার মফিজুর রহমান, শের আলী সওদাগর, হাজি নুরুল করিম সওদাগর ও আয়ুব আলী সওদাগরের ঘরের দরজা ভেঙে তছনছ করে হাতি।