শুকতারা নিবুনিবু
নাম তার শুকতারা। বয়স ১২ কি ১৩। পড়ে চতুর্থ শ্রেণিতে। কাল শুক্রবার তার বিয়ে। আজ বৃহস্পতিবার তার মুখে ক্ষীর (বিয়ের আগের দিন ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান)। বিয়ের জন্য এক মাস আগেই তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
শুকতারার বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর গ্রামে। তার বাবার নাম আজাদ আলী। তিনি একজন কৃষক। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। মেয়েদের মধ্যে শুকতারা দ্বিতীয়। তার এক বছরের বড় বোনের বিয়ে হয়েছে তিন বছর আগে।
যে ছেলের সঙ্গে শুকতারার বিয়ে ঠিক হয়েছে তাঁর নাম নয়ন। তাঁর সঙ্গে কথা বলা যায়নি। শুকতারার মা পারভিন বেগম বলেন, হবু জামাইয়ের বয়স ২১ বছর। তিনি শহরে ফুচকার দোকানে কাজ করেন। লেখাপড়া জানেন না।
গতকাল দুপুরে শুকতারাদের বাড়িতে গিয়ে পরিবারের সবার সঙ্গে কথা হয়। বিয়ে হচ্ছে দেখে শুকতারা বেশ খুশি। বিয়ের তথ্য নিতে গেলে শুকতারার মা বলেন, কী জন্য তথ্য নেওয়া হচ্ছে তিনি তা বুঝে গেছেন। তবে তিনি মোটেই বিচলিত নন। তাঁরা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে মেয়ের ১৮ বছর ৪ মাস বয়সের একটি সনদ জোগাড় করেছেন।
বিয়ের আগে বরকে ২০ হাজার টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পারভীন বলেন, এটা যৌতুক নয়। ছেলের বাড়ির খরচের জন্য তাঁরা খুশি হয়ে দিচ্ছেন। তিনি দাবি করেন, বিয়েতে মেয়ের মত আছে।
অনুসন্ধানে জানা গেছে, চরখিদিরপুর গ্রামে তৃতীয় শ্রেণি থেকে কন্যাশিশুদের বিয়ে দেওয়া শুরু হয়। যারা পঞ্চম শ্রেণিতে ওঠে, তাদের পাস করার সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া হয়। আর ছেলেরা রাখাল হয়ে যায়। গত কয়েক বছরে এমন প্রায় ২৫০টি বিয়ে হয়েছে। রাজশাহী শহরের দক্ষিণে পদ্মা নদীর ওপারে অবস্থিত এ গ্রাম পদ্মা নদী দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এ চরের তিন দিকে রয়েছে ভারতীয় সীমানা। চরের শিশুদের বাল্যবিবাহ ও শিশুশ্রমের অভিশাপ থেকে মুক্তির জন্য বঞ্চিতি বদল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলন শুরু করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মুরাদুজ্জামান বলেন, তাঁদের বিদ্যালয় মূলত বাল্যবিবাহ ঠেকানোর একটি আন্দোলন। কিন্তু তাঁরা কিছুতেই পেরে উঠছেন না, পঞ্চম শ্রেণিতে পড়া যে শিশুদের বিয়ে তাঁরা ঠেকাচ্ছেন, অষ্টম শ্রেণিতে উঠতে উঠতে তাদের ক্লাস খালি হয়ে যাচ্ছে। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট নিয়ে বাল্যবিবাহের সাজা দেওয়া হয়েছে। তার পরও কেউ বুঝতে চাইছেন না।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, কয়েক বছরে প্রায় আড়াই শ মেয়ের গোপনে বিয়ে হয়ে গেছে। কেউ টের পায়নি। দু-একটা বাচ্চা হওয়ার পর তাদের কাছে বয়সের কাগজ নিতে এসেছে। তখন তো বিয়ে ভেঙে দেওয়া যায় না। বাধ্য হয়ে কাগজ দিতে হয়েছে।