শুকনা মৌসুমেও জলাবদ্ধতা
রিকশার যাত্রী প্রস্তুত ছিলেন না, কিন্তু হঠাৎ করে যখন ছিটকে আসা ময়লা পানি লেগে তাঁর কাপড় নোংরা হলো তখন লক্ষ করলেন, প্রায় আধহাঁটু পানির ভেতর দিয়ে ভাঙাচোরা রাস্তা ধরে চলেছে রিকশাটি। রাস্তাটি পুরানা পল্টন কালভার্ট রোডের পাশের গলি।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ার পর রিকশা আরোহী অমিতাভ সান্যাল বিরক্তি প্রকাশ করে বললেন, শুকনা মৌসুমে গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের জলাবদ্ধতা কল্পনাও করা যায় না। তিনি যাচ্ছিলেন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডে। এখন পোশাক পাল্টাতে হাটখোলার বাসায় গেলে জরুরি কাজটি শেষ করা সম্ভব হবে না। অমিতাভের কথার সূত্র ধরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আসলেই অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। পুরো রাস্তাজুড়ে কালো পানি। কোথাও কোথাও বুদ্বুদ উঠছে। হেলেদুলে চলছে যানবাহন। চোখের সামনেই উল্টে গেল যাত্রীসহ একটি রিকশা। উইলস লিটল স্কুলের এক শিক্ষার্থী নিয়ে তার মা। রাগে-দুঃখে কথা বলতে পারছিলেন না শিক্ষার্থীর মা। শিক্ষার্থী সাত-আট বছরের ছেলেটি কাঁদছিল।
এলাকার এক ভাঙারি দোকানের কর্মচারী আবদুর রশিদ বললেন, পাঁচ দিন ধরে এ অবস্থা। প্রায়ই রিকশা-অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। আবদুর রশিদ ছাড়াও এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী, এখানে আগে থেকেই ম্যানহোল উপচে পানি উঠত। একটি বহুতল ভবন নির্মাণের কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়। তারপর অবস্থা আরও খারাপ হয়ে যায়। এখন অনেক বেশি জলাবদ্ধতা হচ্ছে। দেখা গেল, যানজট এড়াতে বিজয়নগরের দিক থেকে এ রাস্তায় ঢুকে পড়ছে রিকশা, অটোরিকশা। ঢুকেই বিপাকে পড়ছে। এলাকাবাসী জানান, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পেছনের রাস্তা হয়েও অনেক যানবাহন এই রাস্তায় চলাচল করে। অনেক সময় যানজটও বাধে। তখন অবস্থা আরও খারাপ হয়ে যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, ঠিক কী কারণে রাস্তাটির এমন দশা হয়েছে, তা দেখা হবে।