শুকনো ফুলের তোড়ার সঙ্গে সদ্য দোলনচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্ম​রণে গুলশানের ৭৯ নম্বর সড়কের মাথায় এখনো অনেকে ফুল দিয়ে বা ব্যানার টানিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন l প্রথম আলো
হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্ম​রণে গুলশানের ৭৯ নম্বর সড়কের মাথায় এখনো অনেকে ফুল দিয়ে বা ব্যানার টানিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন l প্রথম আলো

কালো একটি ব্যানার। তাতে বাংলায় লেখা ‘আমরা শোকাহত’। ইতালীয় ভাষায়ও একই কথা লিখেছেন বাংলাদেশি কমিউনিটি-ইতালির সদস্যরা। আছে আরও কয়েকটি ব্যানার। তার নিচে অনেক শুকনা ফুলের তোড়া। তার সঙ্গে দোলনচাঁপাও আছে।
গতকাল বুধবার বিকেলে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের পুলিশ ব্যারিকেডের সামনের দৃশ্য ছিল এটা। এই ব্যারিকেড থেকে কয়েক পা দূরেই হলি আর্টিজান রেস্তোরাঁর ফটক। সেখানে পুলিশের আরেকটি ব্যারিকেড। মূল ফটকটিও তালা লাগানো। সেখানে কারও যেতে মানা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানালেন, ১ জুলাই হামলার পর থেকেই তাঁরা এখানে আছেন।
১ জুলাই হামলার পর থেকেই গুলশানের বিভিন্ন এলাকার যান চলাচল নিয়ন্ত্রিত করে দিয়েছে পুলিশ। ফলে গুলশান ২ নম্বর মোড় থেকে সোজা যাওয়া ছাড়া ৭৯ নম্বর সড়কে যাওয়ার আর কোনো পথ নেই। গুলশান ২ নম্বর মোড়ে পুলিশের একটি সাঁজোয়া যান চোখে পড়ল। মোড় থেকে সোজা গিয়ে হাতের ডানে ৭৯ নম্বর সড়কের সাইনবোর্ড ধরে এগোলে চোখে পড়বে বেশ কয়েকটি দূতাবাস।
১ জুলাই হলি আর্টিজানে ঘটনা শুরুর পর এই দূতাবাসের সামনেই রাত কেটেছিল অনেক দেশি-বিদেশি সাংবাদিকের। তবে এখন বেশ ফাঁকা এই এলাকা। সেখান থেকে সামনে হলি আর্টিজানের দিকে যেতেই পুলিশ ব্যারিকেড। সেখানেই থামালেন পুলিশের সদস্যরা।
ব্যারিকেডের সামনেই চোখে পড়ল ফুল, গুলশানে নিহত ব্যক্তিদের স্মরণে অনেকেই দিয়ে গেছেন। অনেক ফুল শুকিয়ে গেছে। তার মধ্যে নিঃসঙ্গ অবস্থায় আছে তাজা দোলনচাঁপা। বেশ কয়েকটি সংগঠনের ব্যানারও রয়েছে। তাতে নিহত ব্যক্তিদের প্রতি ইংরেজিতে শ্রদ্ধা নিবেদন করেছে নানা সংগঠন। তাঁদের প্রতি ক্ষমা চেয়েও একটি ব্যানার আছে।
ব্যারিকেড পেরিয়ে হলি আর্টিজানের কাছাকাছি গিয়ে কথা হলো দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে। সেখানে দায়িত্ব পালন করা গুলশান থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম প্রথম আলোকে বললেন, প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন পুলিশ সদস্য এখানে পাহারায় থাকেন। তিনজন উপপরিদর্শক, দুজন সহকারী উপপরিদর্শকসহ পুলিশ সদস্যরা তিন শিফটে দায়িত্ব পালন করেন। তাঁদের প্রতি নির্দেশনা, এখানকার বাসিন্দা ছাড়া কেউ যেন ব্যারিকেড না পেরোতে পারে।
কথা হলো একজন বিদেশির সঙ্গে। তিনি বলেন, পুলিশ ব্যারিকেড পাহারায় তাদের এখন আর কোনো সমস্যা হচ্ছে না। বরং নিরাপদই বোধ করছেন।
মুন্সিগঞ্জে বাড়ি, এখানে থাকেন এমন একজন বললেন, সেদিনের ঘটনা মনে হলে এখনো তাঁরা আঁতকে ওঠেন। তারপরও যেহেতু এখানে বাসা, তাই থাকতে হয়। তবে এতগুলো মানুষ এখানে মারা গেছে ভাবলেই কান্না পায়।