শুকনো বীজতলার কদর বাড়ছে রায়গঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীত থেকে বীজতলা রক্ষার জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শুকনো বীজতলার কদর বাড়ছে। গত বছরের চেয়ে আরও বেশি পরিমাণ জমিতে শুকনো বীজতলা তৈরি করা হয়েছে।
উপজেলার সিমলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নীরেশ চন্দ্র সাহা বলেন, গত বছর থেকে শুকনো বীজতলা শুরু করা হয়েছে। এ বছর উপজেলায় তিন হেক্টর জমিতে শুকনো বীজতলা করা হয়েছে।
গতকাল বুধবার সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দাথিয়াদিগর গ্রামের কৃষক দুলাল হোসেন শেখ প্রথমবারের মতো শুকনো বীজতলা তৈরি করেছেন। তিনি জানান, সেচ ছাড়াই শুকনো জমিতে মাত্র ২৫-৩০ দিনে চারা পাওয়া যায়। শুধু পলিথিন কাগজ দিয়ে পুরো বীজতলাটি ঢেকে দিতে হয়। শীতের মাত্রা যতই বাড়ুক, এতে বীজতলাগুলোর ক্ষতি হয় না। আরেক কৃষক আবদুস সাত্তার শেখ জানান, এ বছর এলাকার কয়েকজন শুকনো বীজতলা তৈরি করেছে। এর সুবিধা দেখে ভবিষ্যতে অনেকেই শুকনো বীজতলা করবে।