শুকিয়ে যাচ্ছে ইছামতী সেচসংকট
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী নদীর পানি শুকিয়ে যাচ্ছে। এতে নদীর পারের পাঁচটি বিলে সেচসংকট দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে চাষাবাদ। অনাবাদি হয়ে পড়ছে ফসলি জমি। এই সংকট থেকে উত্তরণে অবিলম্বে নদী খননের দাবি জানিয়েছে এলাকাবাসী।রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ইছামতী নদীর পানি দিয়ে কৃষকেরা যুগ যুগ ধরে নদীর পাড়ে অবস্থিত ইছামতীর চর, দাঙ্গারচর, গোয়াছপাড়া চর, রাজানগর চর ও হাজারী বিলে শাকসবজি আবাদ করে আসছেন। রাঙ্গুনিয়া পৌরসভা, পারুয়া, রাজানগর, হোচনাবাদ ও স্বনির্ভর ইউনিয়নের ২০ হাজারেরও বেশি কৃষক এসব বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। কৃষকেরা বলেন, উজান থেকে নেমে আসা ইছামতী নদী রাঙামাটির কাউখালী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্য দিয়ে কর্ণফুলী নদীতে মিলিত হয়। ফলে প্রতিবছর বর্ষায় পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা বালুতে ইছামতীর তলদেশ ভরাট হচ্ছে। তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় নদীর পানি ধারণক্ষমতা কমে গেছে। ফলে গত দুই দশক ধরে শীতের শুরু থেকে পানি শুকিয়ে ইছামতী প্রায় মৃত নদীতে পরিণত হয়ে পড়েছে। মুরাদনগর পৌর এলাকার বাসিন্দা হোছনজ্জমা (৭৬) বলেন, তিন দশক আগেও ইছামতী নদীর গভীরতা ছিল পর্যাপ্ত। নদীতে তখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। নদীর পানি দিয়ে শাকসবজি ও ধান চাষাবাদ করতেন কৃষকেরা। ঘাটচেক পৌর এলাকার কৃষক মো. মুছা (৪৪) বলেন, ইছামতীর চরে তাঁর আড়াই একর জমি রয়েছে। যেখানে তিনি সারা বছর সবজি চাষ করতেন। ইছামতী নদীর পানি দিয়ে খেতে সেচ দেওয়া হতো। পানির অভাব ছিল না তখন। তিনি বলেন, ‘সবজি চাষ করে সংসারের ব্যয়ভার নির্বাহ করতাম। স্বাবলম্বীও হয়েছি। কিন্তু বর্তমানে ইছামতীতে পানি না থাকায় চরের জমিতে সবজি চাষ ব্যয়বহুল হয়ে পড়েছে। অনেক এলাকার জমিতে সবজি চাষ একেবারেই হচ্ছে না।’ সরেজমিনে দেখা যায়, ছোট-বড় অসংখ্য বালুর চর জেগেছে ইছামতী নদীতে। বালুর চরের নিচু এলাকা দিয়ে সামান্য পরিমাণে পানি নিচের দিকে গড়িয়ে পড়ছে। সেখান থেকে কলসি বা বালতি ভরে পানি নিয়ে চাষিরা সবজি খেতে পানি দিচ্ছেন। রাজানগর বিলের সবজিচাষি আবদুল মান্নান (৩৭) বলেন, বিলের সাড়ে তিন শতাধিক চাষি সবজি ও অন্যান্য ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ইছামতী নদীর পানি শুকিয়ে যাওয়ায় তাঁরা চাষাবাদ করতে পারছেন না। এতে কৃষক পরিবারগুলো অভাব-অনটনে দিন কাটাচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, রাঙ্গুনিয়া পৌরসভা ও চার ইউনিয়নের পাঁচটি চরের চার হাজার হেক্টর জমির ফসল উৎপাদন ইছামতী নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু গত দুই দশক ধরে ইছামতী নদীর পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানির অভাবে চরের ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিপুল পরিমাণ ফসলি জমি অনাবাদি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের উপ-প্রকৌশল কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ইছামতী নদীর পানি দিয়ে শুধু সবজি নয়, গুমাই বিলের ধান চাষাবাদও নির্ভরশীল। কিন্তু এই নদী ভরাট হয়ে যাওয়ায় তিনটি শাখা নদীও মরে গেছে। নদী খননের জন্য বিভাগীয় পর্যায়ে একাধিক প্রতিবেদন পাঠালেও কোনো সুরাহা হচ্ছে না।