শুকিয়ে যাচ্ছে তিস্তা সেচ প্রকল্প

বাংলাদেশের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ অব্যাহতভাবে কমতে থাকায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে তিস্তা সেচ প্রকল্প। প্রয়োজনীয় পানির অভাবে এ প্রকল্পের আওতায় জমি কমানোর পর অর্ধেক জমিতেও সেচ দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আর পর্যাপ্ত পানি না পেয়ে সেচ প্রকল্পের কৃষক বোরো আবাদ বাদ দিয়ে পাট ও ভুট্টা চাষে বাধ্য হচ্ছেন।
গতকাল শনিবার ও গত শুক্রবার তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকা ঘুরে কৃষক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। সেচ প্রকল্পের তিস্তা ব্যারাজের উজানে ও ভাটিতে ধু ধু বালুচর। সরু নালার আকার ধারণ করেছে তিস্তার প্রমত্ত স্রোতধারা।
কৃষকেরা জানান, সেচ প্রকল্পের চেয়ে ১০ থেকে ১২ গুণ বেশি খরচ করে অগভীর নলকূপের মাধ্যমে কেউ কেউ বোরো চাষ অব্যাহত রাখার চেষ্টা করছেন। যাঁদের নলকূপের সাহায্যে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, তাঁদের বোরো খেত নষ্ট হয়ে পরিণত হচ্ছে পতিত জমিতে।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তার প্রবাহ ঐতিহাসিক গড় প্রবাহের (১৯৭৩-১৯৮৫ সাল পর্যন্ত) তুলনায় গত মার্চে মাত্র ১০ শতাংশে নেমে এসেছে। অবশ্য ১৩ এপ্রিল থেকে এক সপ্তাহে পানির প্রবাহ হঠাৎ বাড়তে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর তিস্তা সেচ প্রকল্পের আওতায় ৭০ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। এ বছর পানির অভাবে সেচের আওতাধীন জমির পরিমাণ ৬০ হাজার ৫০০ হেক্টর করা হয়। কিন্তু ২৫ হাজার হেক্টর জমিতেও এবার সেচ দেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিস্তা সেচ প্রকল্প অব্যাহত রাখতে নলকূপের সাহায্যে পানি উত্তোলনের মাধ্যমে সেচকাজ সম্ভব কি না, সে ব্যাপারে সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিস্তা চুক্তি সই না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেচ প্রকল্পে ব্যবহারের জন্য পর্যাপ্ত ও নদী রক্ষার লক্ষ্যে ‘ন্যায়সংগত পরিমাণ’ পানি ছাড়তে দিল্লিকে অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত পাঁচ দফায় চিঠি চালাচালি করে ও বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়টি তুলেছে বাংলাদেশ।
ক্ষতির শিকার স্থানীয় মানুষ: জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালী গ্রামের কৃষক ময়নুল ইসলাম জানান, সেচ খালের পানি দিয়ে তাঁরা প্রতিবছর বোরো চাষ করেন। এবারও সেচের আশায় দেড় বিঘা জমিতে বোরো লাগিয়েছিলেন। কিন্তু সেচ খালে পানি না আসায় ধানগাছ শুকিয়ে যেতে থাকে। বাধ্য হয়ে ধানখেত নষ্ট করে এবার ওই জমিতে পাট চাষ করছেন।
একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগমও একই সমস্যার কথা তুলে ধরে বলেন, পানি না পাওয়ায় এবার তাঁরা ভুট্টা চাষ করেছেন।
এসব কৃষকের জমির পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খাল। ওই সেচ খালের পাশের কৃষক দক্ষিণ দেশিবাড়ি গ্রামের মিরলাল কুমার রায় বলেন, কোনো কোনো বছর এক-আধটু পানির অভাব হয়। তখন এক-দুদিন অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে হয়েছে। কিন্তু এ বছর শুরু থেকেই পানির অভাব। তাঁর এক বিঘা জমির বোরো খেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একই অবস্থা অন্য কৃষকেরও বলে জানালেন তিনি।
ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের সাতজান গ্রামে তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পাশের কৃষক সাইদুর রহমান অভিযোগ করেন, ডিমলার সাতজান ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কৃষক পানি পাচ্ছেন না। এক বিঘা জমিতে বোরো চাষ করতে এরই মধ্যে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে। জমির পাশ দিয়ে সেচ খাল হলেও পানির অভাবে নির্ভর করতে হচ্ছে অগভীর নলকূপের ওপর।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, উজান থেকে (ভারত) তিস্তায় পানি আসা কমে যাওয়ায় এবার ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এ বছর পানি এতটাই কমেছে যে, কোনো রকমে ২৫ হাজার হেক্টরে পানি দেওয়া হয়েছে। ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ দিতে কমপক্ষে সাড়ে তিন হাজার কিউসেক পানির প্রয়োজন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের আওতায় নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার এক লাখ ১১ হাজার ৪০৬ হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সালের জুনে এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। তিস্তা ব্যারাজ প্রকল্পের নির্মাণকাজ ১৯৭৯ সালে এবং ক্যানেল সিস্টেমের নির্মাণকাজ ১৯৮৪-৮৫ সালে শুরু হয়। কিন্তু শুরুর দিকে ৭৯ হাজার হেক্টরে সেচ দেওয়া গেলেও পানির অভাবে প্রতিবছর সেচযোগ্য জমির পরিমাণ কমতে থাকে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১২ সালের প্রথম তিন মাসে গড়ে সর্বোচ্চ তিন হাজার থেকে সর্বনিম্ন ৯০০ কিউসেক পানি পাওয়া গেছে।
২০১৩ সালের প্রথম তিন মাসে গড়ে সর্বোচ্চ তিন হাজার থেকে সর্বনিম্ন দেড় হাজার কিউসেক পানি পাওয়া গেছে। ২০১৪ সালের প্রথম তিন মাসে সর্বোচ্চ দুই হাজার ৭০০ থেকে সর্বনিম্ন ৫৫০ কিউসেক পানি পাওয়া গেছে। অবশ্য ১৩ এপ্রিল থেকে হঠাৎ পানিপ্রবাহ সামান্য বেড়েছে। এখন ডালিয়ায় দেড় হাজার কিউসেক করে পানি পাওয়া যাচ্ছে।