শুক্কুর হত্যার দায়ে তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটুয়া নওয়াপাড়া গ্রামে এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাসেম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নওয়াপাড়া গ্রামের মো. শামীম খান (২০) ও মো. সোহাগ (২০) এবং উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের শরিফুজ্জামান ওরফে হুমায়ুন (২০)। তাঁদের মধ্যে হুমায়ুন জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক রয়েছেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ জুন নওয়াপাড়া গ্রামের মো. ফারুক ভূঁইয়ার ছেলে মো. শুক্কুর আলী (১২) চিটুয়া নওয়াপাড়া বাজারে ওষুধ কিনতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে ঘটনার তিন দিন পর কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারুক ভূঁইয়া। ২৫ জুন অপহরণকারীরা শুক্কুরের মুক্তিপণ হিসেবে মুঠোফোনে ফারুকের কাছে ছয় লাখ টাকা দাবি করেন। পুলিশ মুঠোফোন ট্রেকিংয়ের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ২ জুলাই সূতী নদী থেকে শুক্কুরের মাথা, হাত, ১৪টি পাঁজরের হাড় ও পরনের কালো হাফপ্যান্ট উদ্ধার করা হয়। তদন্ত শেষে ২০১৫ সালের ৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি এবং ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল এই রায় দিলেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শুক্কুরের বাবা ফারুক। তবে আসামিদের বয়স ১৮ বছরের নিচে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহাগ ও শামীমের স্বজনেরা বলেছেন, শিশু আইনে তাঁদের বিচার করা হয়নি। রায়ের কপি হাতে পেলে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।