শুক্র ও শনিবার সন্ধ্যা পর্যন্ত থাকবে বাবার কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে আদালতে এসেছিল দুই কন্যাশিশু। বড়টির বয়স ছয় বছর আট মাস, ছোটটির চার বছর ছয় মাস।

বাবা ও মায়ের বিবাহবিচ্ছেদের পর শিশুদের হেফাজতে নেওয়া নিয়ে মায়ের করা মামলার সূত্রে আজ সোমবার এই দুই শিশু আদালতে উপস্থিত হয়। আদালত খাসকামরায় দুই শিশুর বক্তব্য শোনেন। শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালত বলেছেন, শিশুরা মায়ের হেফাজতে থাকবে। তবে বাবা প্রতি শুক্রবার সকালে দুই শিশুকে নিজের কাছে নিয়ে যাবেন এবং শনিবার সন্ধ্যায় মায়ের কাছে দিয়ে আসবেন। আদালত ৩১ জুলাই শুনানির পরবর্তী দিন রেখেছেন।

আদালতে দুই শিশুর মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৬ সালের ২২ জুলাই ওই দুই শিশুর বাবা ও মায়ের বিয়ে হয়। তাঁরা দুজনই ঢাকার বাসিন্দা। বাবা পেশায় প্রকৌশলী, মা আন্তর্জাতিক একটি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। দাম্পত্য জীবনে মনোমালিন্যের জেরে ২০১৭ সালের ৯ এপ্রিল এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে মা অন্য এক ব্যক্তিকে বিয়ে করলেও কিছুদিন পর তাঁদের বিচ্ছেদ হয়। এরপর গত বছরের ৯ ডিসেম্বর তাঁরা (দুই শিশুর মা-বাবা) আবার বিয়ে করেন। সর্বশেষ চলতি বছরের ১০ মার্চ তাঁদের মধ্যে আবার বিবাহবিচ্ছেদ হয়।

এ অবস্থায় সন্তানদের নিজ হেফাজতে নিতে হাইকোর্টে রিট আবেদন করেন শিশুদের মা। শুনানি নিয়ে ৪ জুলাই হাইকোর্ট রুল দিয়ে দুই শিশুকে ১৬ জুলাই আদালতে হাজির করতে বাবাকে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ দুই শিশুকে আদালতে নিয়ে আসেন বাবা। প্রকাশ্য আদালতে শুনানির পর খাসকামরায় আইনজীবী ও মা-বাবার উপস্থিতিতে শিশুদের বক্তব্য শোনেন আদালত। এরপর আদালত বলেন, দুই শিশু আপাতত মায়ের কাছে থাকবে।