শুক্র-শনিবারেও চলে আনন্দের বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্র ও শনিবার বন্ধের দিন সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চলে পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম l প্রথম আলো
শুক্র ও শনিবার বন্ধের দিন সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চলে পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম l প্রথম আলো

শুক্র ও শনিবার প্রতিষ্ঠানটির সাপ্তাহিক ছুটি। এই দুদিন পাঠদান বন্ধ থাকলেও চলে আনন্দ-উৎসব। আছে কম্পিউটার প্রোগ্রামিং, বিতর্ক, খেলাধুলা, চারু ও কারুকলা, কারাতে প্রশিক্ষণ, ভারোত্তোলন, ক্যারিয়ার ক্লাবসহ পাঠ্যক্রমবহির্ভূত আরও অনেক কিছু।

বলা হচ্ছে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিজিপিএসসি) কথা। প্রোগ্রামিং প্রতিযোগিতাসহ গত চার মাসে সিলেট বিভাগে যতগুলো অলিম্পিয়াড হয়েছে, এর সব কটিতে জয়ী শিক্ষার্থীদের এক-চতুর্থাংশের বেশি এখানকার। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় এই প্রতিষ্ঠানের আদলে বিজিবি পরিচালিত দেশের সব বিদ্যালয়ে এমন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন বিজিবির মহাপরিচালক।

সম্প্রতি গিয়ে দেখা যায়, কলেজ ভবনের কম্পিউটার ল্যাবের একটি কক্ষে চলছে ছেলেদের প্রোগ্রামিং প্রশিক্ষণ। আরেকটি কক্ষে প্রোগ্রামিং প্রশিক্ষণে অংশ নিচ্ছে মেয়েরা।

প্রোগ্রামিং ক্লাবে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৩০ জন শিক্ষার্থী-প্রোগ্রামার এবং একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ফারহানা নওরীন।

ফারহানা নওরীন প্রথম আলোকে বলেন, এ বছর ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টের প্রিলিমিনারিতে বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব কটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত একটি করে দলকে হারিয়েছে এই স্কুলের নবম শ্রেণির ছাত্রীরা। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিলেট বিভাগে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৯ জনই ছিল এই স্কুলের। পরে তারা জাতীয় পর্বে অংশ নিয়ে ছয়টি পুরস্কার পায়।

সরেজমিনে আরও দেখা যায়, একটি কক্ষে প্রজেক্টরের সাহায্যে সিনেমা দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা তন্ময় হয়ে তা দেখছে। অন্য কক্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ভবনের একটি কক্ষে আর্টস অ্যান্ড ক্র্যাফট ক্লাবের সদস্যরা ছবি আঁকার কৌশল শিখছে। মাঠে স্পোর্টস ক্লাবের সদস্যরা দুই ভাগ হয়ে ফুটবল খেলছে। এক পাশে কয়েকজন ছাত্রী বাইসাইকেল চড়ার প্রশিক্ষণ নিচ্ছে। আরেক পাশে কারাতে শিখছে মেয়েরা।

চলতি বছর ৪৯টি শ্রেণিকক্ষের সব কটিতেই প্রজেক্টর স্থাপন করা হয়েছে। শিশু শ্রেণির শিক্ষার্থীদের জন্য তাদের উপযোগী করে শ্রেণিকক্ষে স্থাপন করা হয়েছে ‘স্মার্ট টেলিভিশন’।

প্রতিষ্ঠানটি সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলের এ বছরের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে জয়ী ৬০ শিক্ষার্থীর ১৫ জনই ছিল এই প্রতিষ্ঠানের। জীববিজ্ঞান অলিম্পিয়াডে জয়ী ১৭ জনই এখানকার। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভাগীয় পর্যায়ে সিনিয়র ক্যাটাগরিতে প্রকল্প প্রদর্শনীতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে। এখানে শিশু-কিশোরদের বয়সভিত্তিক বিভিন্ন সমস্যা কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান, তাদের শারীরিক বিকাশ ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয়েছে একজন চিকিৎসক ও একজন শিক্ষা মনোবিজ্ঞানী। সিলেট শহরকে পরিচ্ছন্ন ও সুগন্ধির আদর্শ শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে সৌন্দর্য রক্ষায় ভলান্টিয়ার্স (সৌরভ)।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, গভর্নিং বডির বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর একাডেমিক পড়াশোনার মানোন্নয়নসহ পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত ও সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি।

বিজিবির সিলেট সেক্টর কমান্ডার ও বিজিপিএসসির গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পর যেটুকু সময় পাই, স্কুলটি নিয়ে ভাবি। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। এ ক্ষেত্রে বিজিবির মহাপরিচালক মহোদয় সব দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাকে সভাপতি করে একটি কমিটিকে বিজিবি পরিচালিত ৪৫টি স্কুলে এই মডেল বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।’