শুক্রবার উদ্বোধন হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার

আগামী শুক্রবার উদ্বোধন হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। ওই দিন বেলা সোয়া চারটায় গুলিস্তানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়ালসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী দক্ষিণ ঢাকার নগর ভবন প্রাঙ্গণে সুধি সমাবেশে যোগ দেবেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগে পৌঁছায়। উদ্বোধনের পর সাড়ে চারটায় সেতুর ওপর স্বতঃস্ফূর্ত জনসমাবেশ অনুষ্ঠিত হবে। চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কে ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথসহ মোট ১৩টি ওঠা-নামার পথ (র্যাম্প) রয়েছে। তবে তিনটি র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ প্রথম আলো ডটকমকে বলেন, গুলিস্তান, পলাশী, মতিঝিল ও শনির আখড়া পর্যন্ত পথ খুলে দেওয়া হবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের জনপথের কিছু কাজ বাকি আছে। সচিব আশা করেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই এসব কাজ শেষ হবে।
বৃহত্তম ও আধুনিক এই উড়ালসড়ক রাজধানীর শনির আখড়া থেকে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি, গুলিস্তান হয়ে নিমতলী পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ। তবে এখন উদ্বোধন হচ্ছে গুলিস্তান পর্যন্ত। এটি চালু হলে রাজধানীর এসব এলাকা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ৩০টি জেলার যাতায়াতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে যানজট কমে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন এ প্রসঙ্গে বলেন, গুলিস্তান থেকে শনির আখড়া পর্যন্ত যত যান চলাচল করে, তার অন্তত ৬০ ভাগ উড়ালসড়ক ব্যবহার করতে পারে।