শুক্রবার কোচিং বন্ধ রাখার দাবি
পরীক্ষার নামে শুক্রবারও শিশুদের আটকে দেওয়া হচ্ছে কোচিং সেন্টার কিংবা শিক্ষকদের বাড়িতে। ফলে শিশু-কিশোরেরা এখন আর নাটক, আবৃত্তি, সংগীত বা অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে না। তাই শুক্রবার অন্তত কোচিংসহ সব ধরনের পরীক্ষা বন্ধ রাখতে হবে। এতে জঙ্গিবাদসহ অন্য অপতৎপরতাও অনেকটা কমে আসবে।
এই দাবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকদের। গতকাল শুক্রবার ‘রুখো জঙ্গিবাদ, সম্প্রীতির বাংলাদেশে’ শিরোনামে অনুষ্ঠিত নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মেলনে এ দাবি তোলেন তাঁরা।
বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বরিশাল নগরের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করে নাট্য সংগঠন বরিশাল নাটক।
বক্তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম না থাকায় শিক্ষার্থীরা জঙ্গিসহ অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। এই প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের আবৃত্তি, নাটক, সংগীত, নৃত্য ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করতে হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে শিক্ষার্থীদের। কিন্তু শিক্ষা পণ্যে পরিণত হওয়ায় শিশুরা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঢুকে পড়েছে। সপ্তাহের ছয় দিন কোচিংয়ের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে শুক্রবার পরীক্ষা নেওয়া। এর ফলে শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমের সুযোগ হারাচ্ছে। যার প্রভাব পড়ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। এখান থেকে বের হতে হলে শুক্রবার সব ধরনের কোচিং ও পরীক্ষা বন্ধ করতে হবে।
বরিশাল নাটকের সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, বিশ্বনাথ দাস মুনশি, মুকুল দাস, কাজল ঘোষ, শিক্ষক দিলীপ কুমার, সংগঠক মুরাদ আহম্মেদ, কমল মিত্র, কাজী সেলিনা, পলাশ বালা, জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য দেন।