শুক্রবার গণজাগরণ মঞ্চের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ে গতকাল মঙ্গলবার সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। তবে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের চূড়ান্ত রায় ঘোষণার পরও তা কার্যকর না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আজহারুল ইসলামের রায়ের পরিপ্রেক্ষিতে জামায়াতের ডাকা দুই দিনের হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছে মঞ্চ। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহবাগে অবস্থান নেবেন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
গতকাল আজহারুলের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন মঞ্চের কর্মী-সংগঠকেরা। পরে জাদুঘরের সামনে থেকে শুরু হয় আনন্দ মিছিল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইমরান এইচ সরকার বলেন, মানবতাবিরোধী অপরাধে এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ে জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। কিন্তু কামারুজ্জামানের চূড়ান্ত রায় ঘোষণার পরও কার্যকর হচ্ছে না। এ রায় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। নানা বাহানায় রায় কার্যকরে কালক্ষেপণ করা হচ্ছে। এতে ন্যায়বিচারকে ঝুলিয়ে রাখা হয়েছে।
কামারুজ্জামানের রায় কার্যকরের দাবিতে আগামী শুক্রবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন ইমরান। একই দাবিতে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি পালন করার কথাও বলেন তিনি।