শুক্রবার থেকে দূরপাল্লার গাড়ি চলবে: শাজাহান

অবরোধ-হরতাল থাকলেও সরকারের তত্ত্বাবধানে আগামী শুক্রবার থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের পরিবহন চলবে। আজ বুধবার নৌ-মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভায় এ কথা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
সড়কে যান চলাচলে গাড়ি ও গাড়ির চালকের কোনো ক্ষতি হলে এর ক্ষতিপূরণ সরকার দেবে বলেও জানান মন্ত্রী।
বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সড়কপথে যেন নিরাপদে যানবাহন চলাচল করতে পারে, সে বিষয়ে করণীয় নির্ধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। খবর ইউএনবির।
সভা শেষে শাজাহান খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, হাইওয়ে সড়কে যানবাহনের নিরাপত্তার সব দায়িত্ব নেবে সরকার। যে এলাকা দিয়ে যান চলাচল করবে, সেই জেলার ডিসি, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন শ্রমিকেরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মন্ত্রী বলেন, ‘যারা অন্তর্ঘাতমূলক কাজ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ যাত্রীদের নিরাপত্তার কথা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
শাজাহান খান বলেন, বিরোধী দলের চার দফায় অবরোধে এখন পর্যন্ত ৪০-৪৫ জন চালক এবং চালকের সহকারী মারা গেছেন। এর মধ্যে ১৬ জনের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ সভায় বলেন, ‘আমরা মহাসড়কে গাড়ি চালাব, কিন্তু সরকারকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’