শুক্রবার প্রার্থনা দিবস পালনের আহ্বান ইলিয়াস কাঞ্চনের

‘নিরাপদ সড়ক চাই’-এর (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সব আশা-ভরসার স্থানগুলো ব্যর্থ হয়ে গেছে। আমরা তাই মহান সৃষ্টিকর্তার মুখাপেক্ষী। সৃষ্টিকর্তা যদি সব রাজনৈতিক দল ও নেতাদের সঠিক বুঝ দেন, তাহলেই এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে শান্তিপূর্ণ উত্তরণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন। এ জন্য আগামীকাল ৬ ডিসেম্বর শুক্রবার প্রার্থনা দিবস পালনে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের বিরাজমান পরিস্থিতি থেকে শান্তিপূর্ণ উত্তরণে সব ধর্মাবলম্বীর মানুষ নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন।
আগামীকাল জুমার নামাজ আদায় শেষে বিশেষ প্রার্থনা করতে ইমামদের প্রতি অনুরোধ জানান ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রার্থনালয়েও প্রার্থনা পরিচালনার জন্য ধর্মগুরুদের প্রতি অনুরোধ জানান এই অভিনেতা।
বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, যাঁরা সংবিধানের ও গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, তাঁরা সবাই বর্তমান অবস্থার জন্য দায়ী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের কাছে আমি আর আবেদন করতে চাই না। শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করতে চাই, তিনি যেন তাঁদের সুস্থ চিন্তা করার ক্ষমতা দেন।’