শুক্রবার বিক্ষোভের ঘোষণা হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মহাসচিবের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে থাকতে বাধা কোথায় প্রশ্ন তুলে লিখিত বক্তব্যে বলা হয়, ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্রধর্ম ইস্যুটি ব্যবহার করে সরকার কোনো নতুন রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় কি না, সে ব্যাপারে আলেম সমাজ ও তৌহিদী জনতা সজাগ রয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা চলছে। যাতে পশ্চিমা মোড়লদের কাছে দেশকে অশান্ত, অস্থিতিশীল ও জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার পথ সুগম হয়।
জুনায়েদ বাবুনগরী তাঁর বক্তব্যে বলেন, ‘সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। এতে শান্তি থাকবে। আমরা শান্তি চাই, বিশৃঙ্খলা চাই না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, আমিরের প্রেস সচিব মুনির আহমেদ প্রমুখ।