আগামী শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।হরতাল শেষে গতকাল সোমবার বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাশেমী। সংগঠনের ১৩ দফা দাবি বাস্তবায়নসহ হরতাল চলাকালে নেতা-কর্মীদের মারধর, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।নূর হোসাইন কাশেমী বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম, হরতালে গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, কারও ওপর আক্রমণ হবে না। এর বাস্তব নমুনা পেশ করতে আমরা সক্ষম হয়েছি। জাতিকে দেখিয়ে দিয়েছি, শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা সম্ভব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। এতে চট্টগ্রামের আনোয়ারায় একজন নিহত ও অনেকে আহত হয়েছেন।’১৩ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে কাশেমী বলেন, এসব দাবি মানতে ব্যর্থ হলে সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হরতাল চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের হামলায় প্রায় ৪০০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ওয়াসা মোড়ে ও ময়মনসিংহে পুলিশের ছত্রচ্ছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হেফাজতের মিছিলে হামলা করেছেন। সংবাদ সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় নেতা শাহ আহমদুল্লাহ আশরাফ, আবদুল লতিফ নেজামী, আবদুর রকিব, আবদুর রব ইউসুফী, আবুল হাসানাত আমিনী, জুনাইদ আল হাবিব, আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ উপস্থিত ছিলেন।