শুক্রবার শুরু হচ্ছে 'দ্য হেগ ফ্রিডম বুক ফেয়ার'
নেদারল্যান্ডসের হেগ শহরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘দ্য হেগ ফ্রিডম বুক ফেয়ার’। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় নিহত অভিজিৎ রায় প্রতিষ্ঠিত মুক্তমনা ব্লগ ও নেদারল্যান্ডস-ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য হেগ পিস প্রজেক্টস যৌথভাবে বইমেলাটির আয়োজন করেছে।
মেলায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দুটি প্যানেল আলোচনা, কবি দাউদ হায়দারকে নিয়ে বাংলা কবিতা সন্ধ্যা, তুরস্কের পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা, সোমালিয়ান কবিতা সন্ধ্যা, ধর্মীয় সমাজে এলজিবিটি আন্দোলনের পরিস্থিতি নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেবেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, মুক্তমনা ব্লগের মডারেটর রাফিদা আহমেদ বন্যা, ইস্টিশন ব্লগের প্রতিষ্ঠাতা মডারেটর নুর নবী দুলাল ও চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ।
ধর্মীয় সমাজে এলজিবিটি আন্দোলন পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের সমকামীদের ম্যাগাজিন রূপবান-এর সম্পাদক। এ ছাড়া অন্যান্য প্যানেল আলোচনায় বিভিন্ন দেশের মানবাধিকার ও মানবতাবাদী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখকেরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি