শুক্রবার সংস্কারের জন্য বন্ধ থাকবে শাহবাজপুর সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদের ওপরের শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশ আগামী শুক্রবার মেরামত করা হবে। এ জন্য ওই দিন ঢাকা-সিলেট মহাসড়কের ওই সেতুর ওপর দিয়ে ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের (কাঁচপুর-ভৈরব- জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল- জাফলং) শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সওজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৮ আগস্ট ওই সময়ে যেন সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, সে ব্যাপারে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বেইলি সেতু স্থাপনের কাজ শেষ করার চেষ্টা করা হবে।