শুক্রবার সংস্কারের জন্য শাহবাজপুর সেতু বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদের ওপরের শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশ আগামীকাল শুক্রবার মেরামত করা হবে। এ জন্য ওই দিন ঢাকা-সিলেট মহাসড়কের ওই সেতুর ওপর দিয়ে ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের (কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সওজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৮ আগস্ট ওই সময়ে যেন সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, সে ব্যাপারে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বেইলি সেতু স্থাপনের কাজ শেষ করার চেষ্টা করা হবে।
এদিকে গত সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ওই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনকে হবিগঞ্জের মাধবপুরের চান্দুরা হয়ে আখাউড়া দিয়ে বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।