শুক্রবার হেফাজতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ নভেম্বর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি।

আজ বুধবার সকালে রাজধানীর বারিধারা মাদ্রাসায় সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোছাইন তাসেমী এ কর্মসূচি ঘোষণা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর হোছাইন তাসেমী বলেন, ‘হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী সারা দেশে এ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় এ কর্মসূচি পালনের চেষ্টা করব।’

পুলিশ সমাবেশের অনুমতি না দিলে কী করবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। এর পরও পুলিশ সমাবেশে বাধা দিলে ওই সময় আলোচনা করি সিদ্ধান্ত নেব।’

সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসার ‘অস্তিত্ব বিপন্নকারী’ বাংলাদেশ কওমি শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাশ না করা ও হেফাজতের আমীর আহমদ শফীর বিরুদ্ধে অপপ্রচার ও কুত্সা রটনা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোছাইন তাসেমী।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম- আহ্বায়ক মাওলানা আবদুল হামিদ, মুফতি ফয়জুল্লাহ, জাফরুল্লাহ খান, জুনায়েদ আল-হাবীব, মাহফুজুল হক, আব্দুল রব ইউসুফী প্রমুখ উপস্থিত ছিলেন।