শুক্রের ট্রানজিটের বিরল দৃশ্য দেখা যাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের সামনে দিয়ে শুক্র গ্রহ চলে যাওয়ার (ট্রানজিট) বিরল দৃশ্য দেখা যাবে আজ বুধবার। টেলিস্কোপ আবিষ্কারের পর এই দৃশ্য আগে মাত্র আটবার দেখা গেছে। আজকের পর এই দৃশ্য আবার দেখা যাবে ১০৬ বছর পর, ২১১৭ সালের ১১ ডিসেম্বর। দুর্লভ এই দৃশ্য দেখার জন্য সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি নিয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরল এই দৃশ্য দেখার জন্য শেরেবাংলা নগরে বিজ্ঞান জাদুঘরে পর্যবেক্ষণের ব্যবস্থা করা আছে। সূর্যোদয় থেকে শুরু করে বেলা ১০টা ৫১ মিনিট পর্যন্ত এই ট্রানজিট দেখা যাবে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে সকাল ১০টা ৩৩ মিনিট থেকে বেলা ১০টা ৫১ মিনিট পর্যন্ত এ দৃশ্য দেখা যাবে।বাংলাদেশের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্র গ্রহের এই অতিক্রমণ দেখার জন্য ধানমন্ডি ক্লাবে পর্যবেক্ষণ ক্যাম্প করা হয়েছে। ভোর পাঁচটা ১০ মিনিট থেকে বেলা ১০টা ৫২ মিনিট পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে পর্যবেক্ষণ ক্যাম্প করেছে। ঢাকার বাইরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠ ও বরিশালের পরশ সাগর মাঠে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ঢাকায় কেন্দ্রীয় খেলার মাঠ এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ ক্যাম্প করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।