শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীর ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মেলায় অশ্বত্থ গাছে সুতা বেঁধে দেন পুণ্যার্থীরা
মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মেলায় অশ্বত্থ গাছে সুতা বেঁধে দেন পুণ্যার্থীরা

প্রতিবছরের মতো এবারও পয়লা মাঘ চন্দনাইশের শুক্লাম্বর দিঘির মেলায় ঢল নেমেছিল মানুষের। ১৪ জানুয়ারি মঙ্গলবার খুব ভোর থেকেই দিঘিরপাড় মুখরিত হয়ে উঠেছিল পুণ্যার্থীদের পদচারণায়। আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দূর-দূরান্ত থেকে এবার পুণ্যার্থীরা এখানে এসেছেন।
মনোবাসনা পূরণের জন্য মেলায় আসা পুণ্যার্থীদের অনেকে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন। আবার কেউ কেউ দিঘিতে তীব্র শীত উপেক্ষা করে স্নান করেন। অনেকে দিঘির জলে ঢেলেছেন তরল দুধ।
মনের ইচ্ছে পূরণের জন্য অশ্বত্থ গাছের ডালে সুতা বাঁধছিলেন মেলায় আগত নবদম্পতি রুপসী শীল ও তাঁর স্বামী সুজন শীল। অনেকের কাছে এই মেলার কথা অনেক শুনেছেন, এবার আসতে পেরে ভীষণ খুশি বলে জানালেন তাঁরা।
কনকনে শীত উপেক্ষা করে পাপমুক্ত নতুন জীবন লাভের আশায় দিঘির জলে স্নান করতে নেমেছিলেন নানা বয়সের নারী-পুরুষ।
মেলায় আসা চট্টগ্রাম মহিলা কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী চুমকি দাশ বলেন, ‘শুনেছি এখানে অশ্বত্থ গাছে সুতা বাঁধলে এবং দিঘিতে স্নান করলে মনোবাসনা পূরণ হয়। মনের ইচ্ছে পূরণের জন্য এখানে এসেছি।’
আনোয়ারা থেকে নীহার বড়ুয়া, সুমনা বড়ুয়া ও লোহাগাড়ার কলাউজান থেকে মেলায় এসেছেন সুকুমার বিশ্বাস। তাঁরা জানান, এই মেলায় এলে মনোবাসনা পূরণ হয়। এখানে এলে কেউ খালি হাতে ফেরে না।
শুক্লাম্বর মেলা উদ্যাপন কমিটির সভাপতি বিজন ভট্টাচার্য জানান, দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান এই শুক্লাম্বর দিঘির মেলা। শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠির নামেই এই মেলার নামকরণ। প্রায় ৪০০ বছর আগে ভারতের নদিয়া এলাকায় জন্ম হয় তাঁর। ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য ভারত থেকে চন্দনাইশের বরমায় আসেন তিনি। বরমায় বেশ কিছু জমি কিনে শিবমন্দির তৈরির মাধ্যমে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন। তিনি আরও জানান, এই শুক্লাম্বর দিঘীর মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও প্রতিবছর বিভিন্ন ধর্মের হাজার হাজার নারী পুরুষ মেলা দেখতে আসেন। এ বছর অন্যান্য বছরের তুলনায় মেলায় পুণ্যার্থীর ভিড় ছিল বেশি।