শুদ্ধ উচ্চারণে কথা বলার শপথ
কক্সবাজার শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রামু উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন গর্জনিয়া। এই ইউনিয়নের মেঠোপথে গতকাল রোববার সকালে নগ্ন পায়ে প্রভাতফেরি করে বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। পরে তারা বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণে কথা বলার শপথ নেয়।
সকাল আটটায় গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের হয় প্রভাতফেরি। ‘গর্জনিয়া-থিমছড়ি’ সড়ক ঘুরে শিক্ষার্থীদের সেই প্রভাতফেরি পুনরায় বিদ্যালয় মাঠে ফিরে আসে। সেখানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কাউসার জাহান চৌধুরী প্রমুখ।
তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, ছেলেমেয়েরা কথা বলে অর্ধেক বাংলা আর অর্ধেক ইংরেজিতে। এটি দূর করতেই এই উদ্যোগ।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. ইকবাল বলে, ‘মহান একুশের দিনে আমরা মায়ের ভাষাকে শুদ্ধভাবে বলার শপথ নিলাম।’
একুশ পালন: গতকাল সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে ‘একুশের শপথ’ নেন বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আজ থেকে বাংলা ভাষার সঙ্গে অন্য ভাষার মিশ্রণ ঘটাব না। শুদ্ধ বাংলায় কথা বলব।’