মা, মাতৃভাষা আর মাতৃভূমির প্রতি গভীর অনুরাগের মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো কুমিল্লা অঞ্চলের ভাষা প্রতিযোগ। দিনব্যাপী এ আয়োজনে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে ভাষা সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
সকাল নয়টায় কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও নরসিংদী জেলার ৯৮০ জন শিক্ষার্থী প্রতিযোগের চারটি বিভাগে অংশ নেয়। উদ্বোধন শেষে ৪০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ইডেন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের। সৃজনশীল, বুদ্ধিদীপ্ত ও মজার প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ব্র্যান্ডের নির্বাহী কাজী রেজাউল করিম তুষার। প্রতিযোগে চারটি বিভাগে মোট ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরাদের সেরা হয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান তাসনিম আহমেদ প্রজ্ঞা।
এইচএসবিসি, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এ ভাষা প্রতিযোগের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।