শুদ্ধ উচ্চারণে ভাষার শালীনতা রক্ষা করুন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকৃত উচ্চারণের অশা­লীনতা, ইংরেজি ঢংয়ে বাংলা বলার বেয়াদবি, ভাষার সাম্প্রদায়িকীকরণের বেড়াজাল ও খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সংবাদপত্রে ভাষা আন্দোলন: ১৯৪৭ থেকে ১৯৫৬’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শহীদদের রক্তে অর্জিত বাংলা ভাষাকে জাতিসংঘের কার্যকরী ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা, সঠিক উচ্চারণ ও প্রতিশব্দ ব্যবহার, রাষ্ট্রীয় কাজের সঙ্গে ইন্টারনেটে জোরদার করার পাশাপাশি বাংলা ভাষায় ইন্টারনেট-বিষয়বস্তু তৈরিতে আমাদের অগ্রণী হতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির মানচিত্রে বিশ্বাস করে না বলেই তারা ভাষা ও ইতিহাসচর্চাও করে না, বিকৃত করতে চায়। এই অপতৎপরতা রুখতে হবে।

এম আর মাহবুব সংকলিত ও সম্পাদিত এ বইটির প্রকাশক গৌরব প্রকাশন আয়োজিত এ অনুষ্ঠানে ভাষাসংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে পবিত্র ও গণতন্ত্রকে জঙ্গিমুক্ত রাখতে হবে: গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, পবিত্র ও বিশ্বস্ত রাখতে মিথ্যাচার, খণ্ডিত তথ্য ও গুজবের ঝাপটা থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে গণতন্ত্রের ফুলের বাগানে জঙ্গি ও আগুন-সন্ত্রাসের বন্য হামলা প্রতিহত করতেও ঐক্যবদ্ধ হতে হবে। সকালে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস’ উদ্‌যাপন উপলক্ষে প্রেস কাউন্সিলের আয়োজনে এক সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান সভায় যোগ দেন।