শুদ্ধস্বর কার্যালয়ে হামলায় আহতদের অবস্থার উন্নতি
শুদ্ধস্বর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত তিনজনেরই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। গতকাল সোমবার তিনজনকেই স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভে থাকা তারেক রহিমকেও কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের প্রধান মো. শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, আহত তিনজনের মধ্যে তারেক রহিমের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হবে। শনিবার তারেকের হাতে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করতে হয়েছিল। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হাতটিতে রক্ত চলাচল আছে। তবে হাতটি সচল থাকবে কি না, তা বুঝতে আরও কিছু সময় লাগবে।
দুর্বৃত্তদের চাপাতির কোপে আহত শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদের ক্ষতও ভালোর দিকে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসকদের দুশ্চিন্তার কারণ। গতকাল আহমেদুর রশীদ বলেন, তাঁর মাথার যে পাশে চাপাতির কোপ, সেদিকে তিনি ব্যথা অনুভব করছেন, কানেও সমস্যা হচ্ছে।
অন্যজন রণদীপম বসুরও শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকেরা আশাবাদী, দ্রুতই তিনি পুরো সুস্থ হয়ে উঠবেন।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত এই তিনজনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। কেবিনের আশপাশে কাউকে দেখলে তাঁরা কার কাছে এসেছেন, কোথায় যেতে চান এমন প্রশ্নও করেছে পুলিশ।