শুধু আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে শেষ পর্যন্ত দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাতজন মনোনয়নপত্র জমা দিলেও পাঁচজন সরে দাঁড়িয়েছেন। এঁদের মধ্যে দলীয় সমর্থন না পাওয়ায় আওয়ামী লীগের তিন নেতা এবং নির্বাচনে রাজনীতির প্রভাবের প্রতিবাদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অপর দুজন। ফলে স্থানীয় সরকারের এই নির্বাচন এখন বিএনপি ও আওয়ামী লীগের লড়াইয়ে রূপ নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ, আওয়ামী লীগের শহীদ উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরীফ উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান, পুণ্যব্রত চৌধুরী ও জাসদ নেতা সফিকুল বারী আওয়াল। তবে আওয়ামী লীগ থেকে অবশেষে শরীফ উল্লাহকে সমর্থন দেওয়া হলে দলের অন্য তিন নেতা গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রধান দুই দলের রাজনৈতিক প্রভাব বিস্তার দেখে পুণ্যব্রত চৌধুরী ও সফিকুল বারী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।পুণ্যব্রত চৌধুরী বলেন, পৌর নির্বাচন দলীয় কোনো নির্বাচন না হলেও প্রধান দুই দলের রাজনৈতিক প্রভাব পড়েছে প্রকটভাবে। তারা এ বিবেচনায় প্রার্থীও দিয়েছে। এই অবস্থায় তাঁর মতো যাঁরা দল করেন না, তাঁরা অনেকটা অসহায় হয়ে পড়েন। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোই উত্তম মনে করেছেন। সফিকুল বারী আওয়াল বলেন, ‘ভেবেছিলাম এবারের নির্বাচনে দলের চেয়ে ব্যক্তি ইমেজ গুরুত্ব পাবে। কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখে সরে দাঁড়িয়েছি।’সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, পৌর নির্বাচন রাজনৈতিক মনোনয়নে হয় না। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে এ নির্বাচনেও রাজনৈতিক প্রভাব সরাসরি কাজ করছে। এ নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।