শুধু আ.লীগের নয়, প্রধানমন্ত্রী এখন পুরো জাতির: আশরাফ
কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আয়োজন করেছি।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে তিনি এখন আর শুধু আওয়ামী লীগের নন, পুরো জাতির।
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, ‘জীবনের মায়া ত্যাগ করে প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাঁকে ছোট্ট একটা ধন্যবাদ দেব। একমাত্র ভালোবাসা ছাড়া তাঁকে দেওয়ার মতো আওয়ামী পরিবারের আর কিছুই নেই।’
২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তাঁকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত অভ্যর্থনা দেবে আওয়ামী লীগ। এটা সফল করতেই গতকাল আওয়ামী লীগের সহযোগী-ভ্রাতৃপ্রতিম এবং দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ আশরাফ বলেন, বিমানবন্দর থেকে মিছিলসহকারে প্রধানমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।
আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট জেলার দলীয় সাংসদ এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সাংসদদের সঙ্গে যৌথ সভা হবে।