শুধু আইন দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না: আইরিন খান
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেছেন, শুধু আইন দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না। রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলেও হবে না। এ জন্য নিজেদের আচরণ বদলাতে হবে, অধিকারের বিষয়গুলোতে নিজেদেরই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মানুষের মধ্যে অধিকার ও দায়িত্ববোধ যত বাড়বে ততই মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত একাধিক অনুষ্ঠানে অ্যামনেস্টির সাবেক মহাসচিব এসব কথা বলেন। তিনি মানবাধিকারের বিষয়টি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো গতকাল বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘মানুষের জন্য মানবাধিকার পদক-২০১০’ প্রদান করে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইরিন খান বলেন, ‘ইভ টিজিং, নারী নির্যাতন এসব বিষয়ে বাংলাদেশের সরকার আইন তৈরি করেছে। কিন্তু আমরা আচরণ না বদলালে আইনগুলো দিয়ে এসব অধিকার রক্ষা করা যাবে না। এসব অধিকারকে দায়িত্ব মনে করে কাজ করতে হবে। আমাদের বুঝতে হবে, আমরা কি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব, নাকি রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকব।’মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে মানুষের অধিকার রক্ষায় কাজ করছেন—এমন ১৩ জনকে মানবাধিকার পদক দেওয়া হয়। এরপর মানবাধিকার সংগীত উৎসব অনুষ্ঠিত হয়।মুক্তিযুদ্ধ জাদুঘর: বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘর প্রাঙ্গণে গতকাল উদ্বোধনী দিনে ‘শিক্ষাব্যবস্থায় মানবাধিকার’ শীর্ষক বক্তৃতা দেন আইরিন খান। তিনি বলেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে মানবাধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে। সব খানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশে এখনো এর মাত্রা বেশি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী ও রবিউল হোসেন প্রমুখ বক্তব্য দেন।