শুধু আইনি ব্যবস্থা নিলে উত্ত্যক্ত করার সমস্যা দূর হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেছেন, মাদকাসক্তি ও মেয়েদের উত্ত্যক্ত করার বিষয় পরস্পর যুক্ত। শুধু আইনি ব্যবস্থা নিলে বা শাস্তি দিলে এসব সমস্যা দূর হবে না, প্রয়োজন সমাজের ইতিবাচক ঐক্যবদ্ধ আন্দোলন ও উদ্যোগ।‘জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদককে না বলুন’—এই স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নীলফামারীতে মাদক ও ইভ টিজিং-বিরোধী সমাবেশে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন। আসাদুজ্জামান নূর বলেন, এসব সমস্যা দূর করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে চাই সচেতনতা, নিবিড় পর্যবেক্ষণ, আন্দোলন ও প্রতিরোধ। মানুষ অপরাধী হিসেবে জন্ম নেয় না, পরিবেশ ও পরিস্থিতি এর জন্য দায়ী। তাই সহানুভূতি ও সাহস নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. গোলাম রসুল। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পাশে স্থানীয় বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন, তথ্য প্রদান এবং ঝুঁকিপূর্ণ মাদকসেবীদের চিহ্নিত করে তাদের উদ্বুদ্ধ করা হলে পর্যায়ক্রমে মাদক নির্মূল করা সম্ভব।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম সিদ্দিকুর রহমান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান বানু ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রশিদুল হক, প্রথম আলোর নীলফামারী বন্ধুসভার সভাপতি নূর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার রফিক ও বন্ধুসভার সদস্য সিমি।এর আগে সাংসদ নূরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মাদকবিরোধী আন্দোলন আরও বেগবান করতে এবং ব্যাপক জনমত গড়ে তুলতে এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধুসভা, সুহূদ সমাবেশ, রোভার স্কাউট, নীলফামারী সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।