কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার শুধু একটি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্রটি জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আমান উদ্দিন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র জমার শেষ দিনে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত শুধু আওয়ামী লীগের প্রার্থী আমান উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় আমান উদ্দিনের মনোনয়নপত্রটি যাচাই-বাছাইয়ের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তফসিল অনুযায়ী আগামী ৬ মার্চ সদর উপজেলা পরিষদের শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যাচাই-বাছাই হবে ১০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার কথা। সদর উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ১৪৫ জন।
উল্লেখ্য সদরের কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন।
জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কারণে উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ পদত্যাগ করলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।