শুধু আজ অবরোধ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আজ রোববারের পর তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। গতকাল রাতে বিএনপির পক্ষ থেকে শুধু আজ রোববার অবরোধথাকছে বলে জানানো হয়েছে।
নতুন বছরে ১ জানুয়ারি থেকে জোটটি অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। সাত দিনের মাথায় এসে রাজধানীসহ বড় শহরগুলোতে অবরোধ কার্যত অকার্যকর হয়ে পড়ে। এ অবস্থায় শুক্র ও শনিবার অবরোধ স্থগিত রাখে তারা।
দুই দিন অবরোধ স্থগিত করার পাশাপাশি শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু গতকাল ঢাকায় এই কর্মসূচি পালিত হয়নি। ঢাকার বাইরেও বেশির ভাগ জেলা-উপজেলায় কর্মসূচি পালিত হয়নি বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন।
বিএনপির দলীয় সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
জামায়াত টানা হরতাল দিয়ে বড় ধরনের ‘শোডাউন’ করতে চাইছে। বিএনপির নীতিনির্ধারকেরা চাইছেন আপাতত ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ থেকে দূরে থাকতে।
জোটের সূত্র জানায়, ২০ জানুয়ারির মধ্যে টানা দুই দিন বা তিন দিনের হরতাল দিতে বিএনপির কাছে প্রস্তাব দিয়েছে জামায়াত। দলটি বলেছে, ৫ জানুয়ারির নির্বাচনের পর জোট বড় ধরনের কোনো ‘শোডাউন’ করতে পারেনি। মাঠে সক্রিয় না থাকায় মানুষের মধ্যে এই ধারণা প্রবল হচ্ছে, ১৮-দলীয় জোট নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছে। এমন ধারণা বদ্ধমূল হলে ভবিষ্যতে নেতা-কর্মীদের আন্দোলনের মাঠে সক্রিয় করা কঠিন হবে।
জামায়াতের এই প্রস্তাবে এখন পর্যন্ত হ্যাঁ-না কিছু বলেনি বিএনপি। এর মধ্যে ২৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছেন, বিষয়টি নিয়ে তাঁরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায়—এমন কর্মসূচি দেওয়াই তাঁদের লক্ষ্য। ১৮ দলের অন্য শরিকেরা কী ধরনের কর্মসূচি দেওয়ার পক্ষে—এমন প্রশ্নের জবাবে সাবেক এই সেনাপ্রধান বলেন, শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী টানা হরতাল দেওয়ার পক্ষে। তারা বলছে, যেহেতু প্রকাশ্যে বের হওয়া যাচ্ছে না, তাই হরতালই দেওয়া ভালো হবে। তবে কর্মসূচির ব্যাপারে দলীয় চেয়ারপারসন সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, জামায়াত তাদের বলেছে, এখন কঠোর অবস্থান থেকে সরে এলে ভোটের আগে ও ভোটের দিনের সব নাশকতার দায় বিএনপি ও জামায়াতকে নিতে হবে। এটা ১৮ দলের রাজনীতির জন্য ভালো হবে না।
তবে বিএনপির পক্ষ থেকে জামায়াতের শীর্ষস্থানীয় এক নেতাকে বলা হয়েছে, বিদেশিরা এই নির্বাচনকে বৈধতা দিচ্ছে না। তারা বিরোধী দলের নাশকতাও পছন্দ করছে না। সরকারও সহিংসতা পরিহার করে আলোচনার কথা বলেছে। এ অবস্থায় বিদেশিদের ও সরকারের মনোভাব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। তবে বিএনপি জামায়াতের প্রস্তাব নাকচ করে দেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেছেন, একতরফা নির্বাচনের পর সরকারের যে রকম চাপে পড়ার কথা ছিল, তা না হওয়ার পেছনে জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নাশকতা অনেকটাই দায়ী। তবে এই দুই নেতা এও বলেছেন, এটা অস্বীকার করার উপায় নেই যে ওই নাশকতায় বিএনপির সায় ছিল।