চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের বিরুদ্ধে সময়মতো কর্মস্থলে না আসা ও সময়ের আগেই চলে যাওয়ার অভিযোগ দীর্ঘ দিনের। গতকাল মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক হাসপাতালটি পরিদর্শনে এসে এ অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি সকাল ১০টার দিকে শুধু হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আয়শা জুলেখাকে পান।
স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক আবদুর রাজ্জাক মিয়া কাউকে আগেভাগে না জানিয়ে হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় চিকিৎসকদের না পেয়ে এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে, এ হাসপাতালের অধিকাংশ চিকিৎসা কর্মকর্তা সময়মতো (সকাল আটটা) আসেন না। এ ছাড়া বেলা একটার পর কোনো চিকিৎসককেই হাসপাতালে পাওয়া যায় না।
পরিদর্শন শেষে আবদুর রাজ্জাক মিয়া গণমাধ্যমের কর্মীদের বলেন, হাসপাতাল পরিদর্শনের সময় তিনি কেবল আরএমওকে পেয়েছেন। অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো কিছু করার আগে আমি একবার সতর্ক করে দিতে চাই। তবে তাতে কাজ না হলে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেব।’
বিভাগীয় পরিচালকের পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে আরএমও আয়শা জুলেখা প্রথম আলোকে বলেন, হাসপাতালে মোট ২২ জন চিকিৎসক রয়েছেন। তবে গতকাল জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, প্রায়ই চিকিৎসকেরা দেরি করে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান। এ ব্যাপারে তাঁদের বলা হলেও কোনো কাজ হয় না। এখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সমাধান করবে।