শুধু কার্যাদেশের অভাবে সেতু নির্মাণ বন্ধ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী কাটাভারানী খালের ওপর নির্মিত লোহার সেতু দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এলাকাবাসীর আশঙ্কা, সেতুটি জোয়ারের চাপে যেকোনো সময় বিধ্বস্ত হয়ে যেতে পারে। এখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হলেও কার্যাদেশ না দেওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে। এর লোহার কাঠামোয় মরিচা ধরেছে। অ্যাঙ্গেলগুলোর বেশির ভাগই ভেঙে পড়ে গেছে। সেতুর ওপর বসানো সিমেন্টের পাটাতনের অধিকাংশই নেই। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশের পাটাতন তৈরি করে তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কলাপাড়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে অনেকে মৎস্যবন্দর মহিপুর, আলীপুর অথবা কুয়াকাটায় যেতে বিকল্প এই সড়ক ব্যবহার করেন। তা ছাড়া পার্শ্ববর্তী চাপলী বাজার, লক্ষ্মী বাজার, অনন্তপাড়া ও ধুলাসার ইউনিয়নের বাসিন্দারা এবং পাশের বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করে।
সেতুর পূর্ব পারের মনসাতলী গ্রামের আবুল কালাম গাজী বলেন, ‘পাঁচ বছর ধইর্যা এই সেতুডা এমন অবস্থায় পইড়্যা রইছে। মোরা গ্রামের বাসিন্দারা কইয়াও কিছু করতে পারি নাই। আসলে মোগো কষ্ট লইয়া কারও কোনো মাথাব্যথা আছে বইল্যা মোনে অয় না।’
সেতুর পশ্চিম পারের সেরাজপুর গ্রামের বাসিন্দা শাহজাহান কাজী বলেন, ‘সেতু পারাইতে যাইয়া বহু মানুষ দুর্ঘটনায়ও পড়ছে। নিজেরা চান্দা উডাইয়া বাঁশ-কাঠ কিন্যা সেতুর উপরে দিয়া এহন চলাচল করছি। আমাগো দুরবস্থার কথা চিন্তা কইরা দ্রুত সেতুডা সংস্কার কইরা দেওয়া উচিত।’ ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুছ সালাম সিকদার বলেন, ‘এই সেতুর দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে শুনেছি। তবে কাজটা কে পেয়েছে, ঠিকাদার কেনই বা কাজ করছে না, তা বলতে পারছি না।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রণব কুমার রায় বলেন, ‘তিন মাস আগে দরপত্রের কাজ শেষ করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে।’