শুধু কালাকানুন বললে কম হবে: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান এইচ সরকার। ফাইল ছবি
ইমরান এইচ সরকার। ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনকে শুধু কালাকানুন বললে কম বলা হবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ শুক্রবার বিকেলে শাহবাগে সংগঠনটির প্রতিরোধ সমাবেশ তিনি এ মন্তব্য করেন। 


এ সময় ইমরান আরও বলেন, এই আইন কার্যকর করা হলে অন্ধকার যুগের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য থাকবে না। নতুন আইনের পক্ষে সরকারি কর্তাব্যক্তিদের সাফাই প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন ৫৭ ধারা খারাপ আইন ছিল, তারা এর পরিবর্তে এই আইনটি করেছেন। ৫৭ ধারার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, তখন তারা একে খারাপ বলেননি। তখন ৫৭ ধারার পক্ষে তাঁরা সাফাই গেয়েছেন। এখন ৩২ ধারাকে ভালো বলছেন, যখন এটিও বাতিল হবে, সম্ভবত তখন তারা বলবেন এটি কত বাজে আইন ছিল।’

গণজাগরণ মঞ্চের কর্মীরা অভিযোগ করেন, তাঁদের সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে। সমাবেশে অন্যান্য বক্তারাও সম্ভাব্য এ আইনকে নাগরিকের স্বাধীনতা হরণকারী উল্লেখ করে অবিলম্বে তা বাতিল করার দাবি জানান।

ইমরান এইচ আরও বলেন, এই আইন করা হয়েছে গণমাধ্যমের গলা টিপে ধরার জন্য, সিটিজেন জার্নালিজম বন্ধ করে দেওয়ার জন্য। অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করে দিয়ে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের পথ প্রশস্ত করে দিতে।

গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্তের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আকরামুল হক, ব্লগার বাকী বিল্লাহ, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন প্রমুখ।