শুধু ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষতিপূরণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের এলাকায় গ্যাস অনুসন্ধানে মার্কিন তেল-গ্যাস কোম্পানি শেভরনের চালানো ভূতাত্ত্বিক জরিপের সময় বিস্ফোরণকালে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে জরিপ বিস্ফোরণে পরিবেশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নলকূপ ও খাসিয়াপল্লীর যে ক্ষতি হয়েছে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত হয়। এতে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আমিনুর রহমান, পেট্রোবাংলার ব্যবস্থাপক (উন্নয়ন ও উৎপাদন) হাসান মাহমুদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ, শেভরন বাংলাদেশের কর্মকর্তা জুলফিকার আহমদ চৌধুরী, মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সার্কেল) তৌহিদুল ইসলাম, মাগুরছড়া খাসিয়াপল্লীর হেডম্যান জিডিসন সুচিয়াং, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল।২০০৮ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত চলা শেভরনের ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বিস্ফোরণে লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ উপজেলার মাধবপুর, কমলগঞ্জ সদর ও রহিমপুর ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলার বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ঈদগাহের দেয়ালে ফাটল দেখা দেয়। স্থানীয় লোকজন আপত্তি জানালে জরিপকাজ দুই দিন বন্ধ রাখা হয়। তখন শেভরনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লোকজনকে পরবর্তী সময়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বাকি জরিপ সম্পন্ন করেন। শেভরনের কাছে মোট দুই হাজার ২০০ লোক ক্ষতিপূরণের জন্য আবেদন করে। নাম প্রকাশে অনিচ্ছুক শেভরনের এক কর্মকর্তা বৈঠকের কথা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ বৈঠকের কথা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, এ, বি, সি—এ রকম বিভিন্ন শ্রেণীতে ভাগ করে শেভরন ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে মাটির দেয়ালের ছোট আকারের ফাটলের জন্য এক হাজার ২০০ টাকা ও পাকা দেয়ালের ফাটলের জন্য তিন হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবেশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ ও খাসিয়াপল্লীর ক্ষতিপূরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শেভরন জানিয়েছে, পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।