শুধু খনন করে নাব্যতা ধরে রাখা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা শুধু খনন করে ধরে রাখা যাচ্ছে না। প্রতিদিন দুবারের জোয়ার-ভাটায় চ্যানেলে প্রচুর পরিমাণে পলি জমছে। এই অবস্থায় ক্যাপিটল ড্রেজিংয়ের পাশাপাশি চ্যানেলের দুই পাশের ৮২টি প্রধান খাল দ্রুততম সময়ের মধ্যে খনন ও অবমুক্ত করে প্লাবন ভূমি তৈরির কাজ শুরু করতে হবে।
মংলা-ঘষিয়াখালী চ্যানেল খননকাজের অগ্রগতি পর্যবেক্ষণে গঠিত পরিবীক্ষণ ও সমন্বয় কমিটির সভা শেষে গতকাল মঙ্গলবার কমিটির সভাপতি ও খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এসব কথা বলেন। মংলায় সুন্দরবন বিভাগের অতিথিশালায় এ সভা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, নাব্যতা রক্ষায় প্লাবন ভূমি সৃষ্টিসহ নদীর সঙ্গে সংযুক্ত ৮২টি প্রধান খালের বাঁধ অপসারণ করতে হবে। পাশাপাশি নদীর গভীরতা ও প্রশস্তকরণ কাজ করা হবে। পরে চ্যানেলটি পুরোপুরি চালু হলেই সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
সভায় জেলা ও উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, মংলা বন্দর কর্তৃপক্ষ, বন বিভাগ, নদী গবেষণা ও জরিপকারী প্রতিষ্ঠান সিজিআইএস, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
দ্রুত পলি জমায় কাজের অগ্রগতি হচ্ছে না উল্লেখ করে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এইচ এম ফরহাদ উজ্জামান সভায় বলেন, নদী অববাহিকা ও খাল অবমুক্ত করতে সাড়ে ৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প অনুমোদন পেলে প্রতিবছর কুড়িটি খালের বাঁধ অপসারণ ও খনন করা হবে।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিজিআইএস) বিশেষজ্ঞ এ টি এম কামাল হোসেন বলেন, চ্যানেলের বগুড়া খাল এলাকায় খননের পর পলি পড়ে ৮৫ শতাংশ, রামপালে ৫০ থেকে ৬০ শতাংশ এবং মংলা অংশে প্রায় ৬০ শতাংশ নদী এলাকায় পলি জমে যাচ্ছে। চ্যানেলটির গড়ে প্রায় ৪৬ শতাংশ ভরাট হয়ে যাচ্ছে। নিয়মিত খনন (ড্রেজিং) করা হলেও নদী অববাহিকা তৈরি ও নদীর সংযোগ খাল কেটে ভাটার সময় নদীতে স্রোত সৃষ্টি করা না গেলে নাব্যতা ধরে রাখা সম্ভব নয় বলে তিনি মত প্রকাশ করেন।
নাব্যতাসংকটের কারণে ২০১০ সাল থেকে নৌ চলাচল বন্ধ। গত বছরের জুলাইয়ে ২৪০ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার দৈর্ঘ্যের মংলা-ঘষিয়াখালী চ্যানেলে খননকাজ শুরু হয়। খননকাজ এখন শেষের পথে। প্রায় এক কোটি ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরুর পর এ পর্যন্ত বিআইডব্লিউটিএ ৯৮ লাখ ঘনমিটার পলি অপসারণ করেছে বলে সভায় জানানো হয়।