
বাংলাদেশ-ভারত নৌ-বাণিজ্য প্রটোকলভুক্ত নৌপথের মৃতপ্রায় মংলা-ঘষিয়াখালী চ্যানেলের প্রায় ২২ কিলোমিটার অংশ আবারও খনন শুরু হয়েছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে এ খননকাজ শুরু হয়েছে গত ২২ মে। এর আগে দুবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নৌপথ খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। পরে খননকাজ বন্ধ করে দেওয়া হয়।
তবে স্থানীয় সাংসদসহ এলাকাবাসী বলছেন, শুধু চ্যানেল খনন করে কোনো সুফল আসবে না। সংশ্লিষ্ট নদী ও সরকারি খালগুলো খনন করাসহ বেড়িবাঁধগুলো অপসারণ করা না হলে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, মংলা বন্দরের সঙ্গে দেশের নৌপথের দূরত্ব কমানোর জন্য ১৯৭৪ সালে প্রায় সাড়ে ছয় কিলোমিটার কৃত্রিম পথ খনন করে প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ ‘মংলা-ঘষিয়াখালী’ নৌপথটি চালু করা হয়। এটি বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলভুক্ত ও বাংলাদেশ-ভারত ট্রানজিট পথের একটি প্রধান অংশ। চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ, উত্তরাঞ্চল এবং সিলেট অঞ্চল থেকে খুলনা, নোয়াপাড়া ও আংটিহারা হয়ে ভারতগামী পণ্যবাহী সব জাহাজ এই নৌপথ দিয়ে চলাচল করে থাকে। মংলা সমুদ্রবন্দর ও খুলনার সঙ্গে দেশের অন্যান্য জেলার নৌ-যোগাযোগের একমাত্র মাধ্যম এই মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি। চরম নাব্যতা সংকটের কারণে ২০১০ সাল থেকে এই চ্যানেলে জাহাজ চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়। এরপর ওই বছরের মে মাসে বিআইডব্লিউটিএ প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে খননকাজ শুরু করে। কার্যকারিতা না পেয়ে ১৫ দিনের মধ্যে ওই খননকাজ বন্ধ করে দেওয়া হয়। চ্যানেলের খনন করা অংশ তিন মাসের মধ্যে পলি পড়ে ভরাট হয়ে যায়। বিআইডব্লিউটিএ ২০১১ সালের ২৮ মার্চ থেকে আবারও মংলা-ঘষিয়াখালী চ্যানেলে ১৪ কোটি টাকা ব্যয়ে খননকাজ শুরু করে। উপকার না পাওয়ায় এক মাসের মধ্যে ওই খননকাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর খুলনা, মংলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের বিকল্প পথ হিসেবে সুন্দরবনের ভেতর দিয়ে ভোলা নদী হয়ে নৌযান চলাচল শুরু করে।
দুই দফার চেষ্টায় কোনো ফল না পাওয়ার পর ২২ মে থেকে তৃতীয়বারের মতো ওই চ্যানেলে বিআইডব্লিউটিএ খননকাজ শুরু করেছে। গত ১ জুলাই কুমারখালী নদীতে আনুষ্ঠানিকভাবে এই খননকাজের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর বর্তমান চেয়ারম্যান মো. সামছুদ্দোহা।
সম্প্রতি ওই নৌপথের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় কুমারখালী নদীতে গিয়ে দেখা যায়, দুটি খননযন্ত্রে (ড্রেজার) কাজ চলছে। বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ফরিদুল এরশাদ জানান, খনন শুরু করার পর থেকে এ পর্যন্ত তাঁরা প্রায় এক লাখ ২৫ হাজার ঘনফুট পলি অপসারণ করেছেন। তেলের টাকা বরাদ্দ হলে অপর তিনটি দিয়েও কাজ শুরু হবে। এবার নতুন নকশা অনুযায়ী খনন করা হলে সফলতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন স্থানীয় সাংসদ ও জনগণ। রামপাল নদীর ট্রলারচালক আফজাল শেখ বলেন, নদীতে কোনো স্রোত নেই। ফলে জোয়ারে যে পলি আসছে, তা নদীতেই জমা হচ্ছে। নদীতে স্রোত তৈরি করতে না পারলে খনন করে নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে না।
বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধের কারণে পলিযুক্ত পানি ছড়িয়ে না পড়ে নদী বা খালের মধ্যেই জমা হচ্ছে। এসব বাঁধ কেটে দিয়ে পানিপ্রবাহ উন্মুক্ত করে দিতে হবে। এ ছাড়া এই নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট অনেক নদী ও খাল পুরোপুরি নাব্যতা হারিয়ে ফেলেছে। সেগুলোও খনন করতে হবে। খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ বন্ধ করতে হবে। এসব করা হলে স্বাভাবিক জোয়ার-ভাটার পরিবেশ সৃষ্টি হবে। তখন খনন করলে সফলতা পাওয়া যাবে।
তৃতীয়বারের খননকাজে সাফল্যের সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার বলেন, ‘আগের ব্যর্থতা মাথায় রেখে এবার আমরা নতুন পরিকল্পনায় খননকাজ শুরু করেছি। শুধু এই চ্যানেলে খনন করে নাব্যতা ধরে রাখা সম্ভব হবে না। এ জন্য বাগেরহাটের বিষ্ণু নদ, রামপালের দাউদখালী নদীসহ সংলগ্ন নদীগুলো খনন করে স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ সৃষ্টি করা এবং রামপালের ফয়লা স্লুইসগেট তুলে দিতে হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সাংসদ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করা হলে চ্যানেলটি চালু করা সম্ভব হবে।’